বদির জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের আইনজীবী আবেদনটি করেন। ওই মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সোমবার আবদুর রহমান বদির ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন ও রুল দেন।
আবেদনের বিষয়টি জানিয়ে পরে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদনটি করা হয়। আজ বুধবার চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ২১ আগস্ট আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় ওই মামলাটি করে দুদক। গত ১২ অক্টোবর এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১৬ অক্টোবর মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেন। এ আদেশের পর আবদুর রহমান হাইকোর্টে জামিন চেয়ে আবেদন (রিভিশন) করেন।