বদির জামিনের আবেদনের পরবর্তী শুনানি রোববার
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির জামিনের আবেদনের পরবর্তী শুনানির দিন আগামী রোববার ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি গ্রহণ করেন।
আদালতে সাংসদ বদির পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। পরে খুরশীদ আলম খান বলেন, শুনানিকালে আদালত দুদকে আবদুর রহমান বদির জমা দেওয়া সম্পদ বিবরণীর নথি দেখতে চান। তাৎক্ষণিকভাবে তা উপস্থাপন করা যায়নি। এ জন্য আদালত বদির দেওয়া সম্পদ বিবরণী রোববার আদালতে উপস্থাপন করতে বলেছেন। ওই দিন শুনানি হবে।
আবদুর রহমান বদির বিরুদ্ধে গত ২১ আগস্ট রমনা থানায় ওই মামলা করে দুদক। ১২ অক্টোবর সাংসদ বদি এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ অক্টোবর মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতও তাঁর জামিনের আবেদন নাকচ করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন (রিভিশন) করেন।