বদির প্রচারণার গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সাংসদ আবদুর রহমান বদির নির্বাচনী প্রচারণায় নিয়োজিত গাড়িতে (অটোরিকশা) গতকাল বুধবার সন্ধ্যায় হামলা ও অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। এতে চারজন গুরুতর আহত হয়েছেন।
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার থায়ংখালী স্টেশনের জামতলী এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে থায়ংখালী স্টেশনে বদির প্রথম নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পালংখালী ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক ফজল কাদের বলেন, গতকাল বিকেলে পালংখালী ইউনিয়নের থায়ংখালী স্টেশনে সাংসদ বদির প্রথম নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। বদি পথসভায় নৌকা প্রতীকে ভোট চান। এরপর টেকনাফ চলে যান।
স্থানীয় লোকজন বলেন, পথসভা শেষে সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ, সেলিম ও নুরুল আলম একটি অটোরিকশায় মাইক বেঁধে নৌকার সমর্থনে প্রচারণা শুরু করেন। অটোরিকশাটি সামনে এগিয়ে গেলে পালংখালী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গফুর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ২০-২৫ জন অবরোধকারী হামলা চালান এবং অটোরিকশায় অগ্নিসংযোগ করেন। এতে গাড়ির চালক জাফর আলম ও তিন ছাত্রলীগ কর্মী অগ্নিদগ্ধ হন। তাঁদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ ভিত্তিহীন দাবি করে গফুর উদ্দিন চৌধুরী বলেন, দলীয় কোন্দলের জের ধরে গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগেও সাংসদ বদি মরিচ্যা এলাকায় অবরোধকারীদের গুলি করে উল্টো বিএনপি নেতাদের ওপর চাপিয়ে দেন।
এ প্রসঙ্গে সাংসদ বদি বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিএনপি-জামায়াতের ক্যাডাররা পরিকল্পিতভাবে তাঁর নির্বাচনী প্রচারণার গাড়িতে আগুন দিয়েছে।’।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আ.লীগ প্রার্থী আবদুর রহমান বদির প্রচারণার গাড়িতে কারা হামলা ও অগ্নিসংযোগ করেছে তার অনুসন্ধান চলছে। হামলার আগেই বদি স্থান ত্যাগ করেন।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আ.লীগ প্রার্থী আবদুর রহমান বদির সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া মাঠে থাকায় ভোটযুদ্ধ হচ্ছে। আগামী ৫ জানুয়ারি এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও এত দিন দুই প্রার্থীর কেউ মাঠে নামেননি।