বদির বিচার দাবি করলেন প্রকৌশলীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীকে লাঞ্ছিত করায় স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির বিচারের দাবি করেছেন প্রকৌশলীরা। অন্যথায় সাংসদ বদির এলাকায় সব উন্নয়নকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়৷
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকৌশলীদের এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে কর্মসূচিতে কয়েক শ প্রকৌশলী অংশ নেন।
মানববন্ধনে আইইবির সভাপতি এম শামীম উজ জামান বসুনিয়া বলেন, দেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছেন প্রকৌশলীরা। কিন্তু একজন সাংসদ যখন প্রকৌশলীর গায়ে হাত তোলেন, তা কখনোই কাম্য নয়। তাই আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার বিচার করতে হবে।
আইইবির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইউমের সঞ্চালনায় মানববন্ধনে আইইবির সহসভাপতি মেসবাহুর রহমান, খান মনজুর মোরসেদ, মো. আবদুস সবুর ও সহকারী সাধারণ সম্পাদক শেখ আল আমিন, মো. শাহাদাৎ হোসেন, এস এম গালিব প্রমুখ বক্তব্য দেন।
একই দাবিতে গতকাল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কক্সবাজারসহ দেশের ৪০টি জেলায় প্রতিবাদী মানববন্ধন করেছেন প্রকৌশলীর। বিজ্ঞপ্তি।