বদির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময় দেশে ইয়াবা পাচারকারীদের যে তালিকাসংবলিত প্রতিবেদন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তৈরি করেছেন, তাতে কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির দুই ভাইসহ অন্তত সাতজন আত্মীয়ের নাম রয়েছে। সাংসদ বদি যে ইয়াবা পাচারের অন্যতম পৃষ্ঠপোষক, তাও প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সম্মেলনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, সাংসদ বদির বিরুদ্ধে এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
গতকাল ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তাদের সম্মেলন। ওই সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের খাকি পোশাক ও র্যা ঙ্ক ব্যাজ আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেন মন্ত্রী। অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সবকিছুই করেছে সরকার। কিন্তু এখনো সেভাবে সুফল মেলেনি। ইয়াবা বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি কোকেনের একাধিক চালানও ধরা পড়েছে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কোথায় দুর্বলতা, খুঁজে বের করুন। মন্ত্রণালয়কে কী করতে হবে, জানান।’
মন্ত্রী বলেন, মাদক মামলার আসামিরা সহজে জামিন পেয়ে যান। দেখা যায়, আদালতে পাঠানোর পরে সাত দিনের মধ্যেই তাঁরা জামিন নিয়ে বেরিয়ে এসেছেন। এতে মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরুৎসাহিত হচ্ছেন। এ কারণে মাদক মামলার আসামিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হচ্ছে।
মন্ত্রীর বক্তব্য শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, ইয়াবা চোরাচালানের সঙ্গে সাংসদ বদির জড়িত থাকার অভিযোগ ও সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনা কি কর্মকর্তাদের নিরুৎসাহিত ও মাদক ব্যবসায়ীদের আরও উত্সাহিত করছে না? ওই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অনেকের নামই আসে। কিন্তু আমরা তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাইনি।’ তিনি বলেন, ‘অনেকে ইমোশনালি নাম দিয়ে দেয়। অনেকে চিন্তাভাবনা করেও নাম দিয়ে দেয় যে, এটা হতে পারে। কিন্তু এসব হতে পারে দিয়ে তো আর বিচার হয় না। বিচার হবে তখনই, যখন সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাবে।’ মন্ত্রীর এই বক্তব্যের সময় কয়েকজন কর্মকর্তাকে পরস্পরের দিকে চাওয়াচাওয়ি করতে দেখা যায়। এই কর্মকর্তারাই ওই ইয়াবা পাচারকারীদের তালিকাসংবলিত প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।
তবে বক্তব্যে মন্ত্রী দাবি করেন, ‘হতে পারে’ এমন বেশ কিছু লোককে নজরদারি করা হচ্ছে।
এর আগে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি করা গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে। সেখানে যেন কোনো ভুল না থাকে। কারণ সেই তথ্যসূত্র ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান বলেন, তিনি নিজেই জানতেন না যে তিনি মাদকবিষয়ক একটি কমিটির সভাপতি। চার-পাঁচ মাস আগে বিষয়টি জানার পর কমিটির একটি সভা আয়োজনের কথা তিনি বলেন। কিন্তু গতকাল পর্যন্ত তা হয়নি। সারা দেশে মাদক নিয়ন্ত্রণে গঠিত ১৫ হাজার কমিটির কাজ কী, তা নিয়েও প্রশ্ন তোলেন সচিব। তিনি বলেন, চারদিকে অনেক কালো হাত আছে, সেগুলো ভাঙতে হবে। কোনো অজুহাত দেখালে চলবে না।
গত ১৩ আগস্ট দায়িত্ব নেওয়া অধিদপ্তরের নতুন মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান তিন মাসের মধ্যে সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাণ্ড দৃশ্যমান করার অঙ্গীকার করেন। তিনি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত অধিদপ্তরের কর্মকাণ্ডের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
অনুষ্ঠানে অধিদপ্তরের চারজন কর্মকর্তার খাকি পোশাকে র্যা ঙ্ক ব্যাজ পরিয়ে দেন মন্ত্রী। গত বিএনপি সরকারের আমলে পুলিশের খাকি পোশাক পরিবর্তন করা হয়। এখন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা খাকি পোশাক পরে কর্তব্য পালন করবেন। তাঁদের খাকি পোশাকের কাঁধে ‘নারকোটিক্স’ শব্দটি লেখা থাকবে।