বদির ভাইদের গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশের অভিযান
ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল শুক্রবার ভোরে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির দুই ভাই আবদুস শুক্কুর ও ফয়সালের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।
পুলিশের দািব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীদের নামের তালিকায় বর্তমান সাংসদ আবদুর রহমান বদিসহ তার পাঁচ ভাই আবদুল আমিন, মৌলভী মুজিব, আবদুস শুক্কুর, মো. শফিক ও মো. ফয়সাল এবং সাবেক সাংসদ মো. আলীর ছেলে রাশেদের নাম থাকায় তাঁদের গ্রেপ্তারের জন্য বাড়িতে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌসের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত দুইটার দিকে সাংসদ বদির ভাই শুক্কুরকে গ্রেপ্তারের জন্য টেকনাফ পৌরসভার অলিয়াবাদের বাড়িতে অভিযান চালায়। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। একই সময় তাঁদের আরেক ভাই মো. ফয়সালের পৌরসভার চৌধুরীপাড়ার বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তাঁকেও বাড়িতে পাওয়া যায়নি।
অপরদিকে, গতকাল ভোর চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেরডেল এলাকায় সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর বাড়িতে তাঁর ছেলে রাশেদ মাহমুদের খোঁজে অভিযান চালায় পুলিশ। এ সময় রাশেদকে পাওয়া যায়নি।
টেকনাফ স্থলবন্দরে গত বছরের ১০ ডিসেম্বর দেড় লাখ ইয়াবাসহ দুজনকে আটক করেছিল বিজিবি। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিজিবিকে জানিয়েছেন, ইয়াবার এ চালান মিয়ানমার থেকে আনিয়েছেন আবদুস শুক্কুর। তাঁরা শুধু বহন করেছেন। টেকনাফ থানায় করা মামলার এজাহারের সঙ্গে বিজিবি আটক সাজ্জাদ হোসাইন ও মোহাম্মদ জাবেরের লিখিত জবানবন্দি ও স্বীকারোক্তিমূলক ভিডিওচিত্র, উদ্ধার করা ইয়াবা, তিনটি মোবাইল ও অন্যান্য আলামত জমা দেয়।
এজাহারে আবদুস শুক্কুর, দেলোয়ার হোসেন ও রুবেল মিয়াকে পলাতক দেখানো হলেও আড়াই মাস তদন্ত করে গত ২৫ ফেব্রুয়ারি তৎকালীন ওসি মো. ফরহাদ বদলি হয়ে যাওয়ার এক সপ্তাহ আগে প্রধান আসামি আবদুস শুক্কুরসহ তিনজনকে মামলা থেকে বাদ দিয়ে কক্সবাজার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
এ ঘটনা নিয়ে ১২ এপ্রিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘ইয়াবা মামলায় সাংসদ বদির ভাই, আসামি করেছে বিজিবি, অব্যাহতি দিয়েছে পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী বলেন, ‘একটি প্রভাবশালী মহল চক্রান্ত করে আমার ছেলেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা তালিকায় অন্তর্ভুক্ত করে আমার কণ্ঠরোধের চেষ্টা করছেন।’
মো. আলী আরও বলেন, ‘আমি যখন এলাকার সাংসদ ছিলাম, তখন তো ইয়াবা পাচারের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন, তাঁর ছত্রচ্ছায়ায় এ ইয়াবা ব্যবসার প্রসার হচ্ছে।’
আবদুর রহমান বদির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোন দুটি বন্ধ পাওয়া যায়।