বদির ভয়ে এলাকায় যাচ্ছেন না তাহা
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে জাতীয় পার্টির (রওশন এরশাদ) প্রার্থী তাহা ইয়াহিয়া আওয়ামী লীগের প্রার্থী ও সাংসদ আবদুর রহমান বদির ভয়ে নির্বাচনী প্রচারণার জন্য এলাকায় যেতে পারছেন না।
এর সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার বিকেলে তাহা ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, ‘১৩ ডিসেম্বর টেকনাফে তাঁর দাদা হাজি নবী হোসাইনের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা ছিল। কিন্তু সাংসদ বদি ও তাঁর সন্ত্রাসী বাহিনীর ভয়ভীতি প্রদর্শনের কারণে যেতে পারিনি।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গত বুধ ও বৃহস্পতিবার উখিয়া উপজেলার থায়ংখালী বাজারে দুই প্রার্থীর পক্ষের সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। এরপর বদি সমর্থক ও জাতীয় পার্টির (এরশাদ) সমর্থকেরা তাহা ইয়াহিয়াকে এলাকায় গেলে প্রতিরোধের ঘোষণা দেন। তাহা ইয়াহিয়া বলেন, গত বুধবার রাতেও বদি তাঁর বাবা শিল্পপতি মোহামঞ্চদ ইয়াহিয়াকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
মোহামঞ্চদ ইয়াহিয়া বলেন, সাংসদ বদির প্রাণনাশের হুমকি এবং সন্ত্রাসী লেলিয়ে দিয়ে লাঙ্গল সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনাটি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করতে আজ (গতকাল শুক্রবার) ঢাকায় এসেছি। শনিবার এ বিষয়ে শেখ হাসিনাকে অবগত করা হবে।’
সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, মুঠোফোনে প্রাণনাশের হুমকির ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাংসদ বদি বলেন, আমি তো আর বাঘ না, সামনে পড়লে খেয়ে ফেলব।’ নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, সাংসদ বদিকে ঠেকাতে তাহা ইয়াহিয়ার বাবা মোহামঞ্চদ ইয়াহিয়া উখিয়া-টেকনাফের বিএনপির সমর্থন লাভের জোর চেষ্টা চালাচ্ছেন। গত বৃহস্পতিবার কক্সবাজারের আদালতে হাজির হয়ে মোহামঞ্চদ ইয়াহিয়া জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে ২০১১ সালে তাঁর দায়ের করা পৃথক দুটি মানহানির মামলা প্রত্যাহার করে নেন। এর সত্যতা নিশ্চিত করে মোহামঞ্চদ ইয়াহিয়া বলেন, ‘ছেলে (তাহা ইয়াহিয়া) নির্বাচন করছে, ভোট দরকার। তাই মামলার নিষ্পত্তি করে ফেলেছি। জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেন, সাংসদ বদি এখন উখিয়া-টেকনাফের মূর্তিমান আতঙ্ক। বিএনপি নির্বাচন না করায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।