বদির মামলায় জামিন পেলেন কালের কণ্ঠের সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির করা একটি মামলা থেকে জামিন পেয়েছেন কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন ও জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুজ্জামান তুহিন। একই সঙ্গে বদির ভাই মুজিবুর রহমানের করা আরেকটি মামলা থেকেও জামিন পেয়েছেন ইমদাদুল হক।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার ৩ নম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ইমদাদুল হক মিলন ও আরিফুজ্জামান তুহিন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক মুহিউদ্দিন মুরাদ তা মঞ্জুর করেন।

কালের কণ্ঠ-এর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ মোস্তফা, আশরাফ-উল-আলম, আয়াছুর রহমান, এস এম আবু তাহের, মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

আদালত সূত্র জানায়, গত ১১ জুন সাংসদ আবদুর রহমান বদি বাদী হয়ে কালের কণ্ঠ-এর সম্পাদক ও জ্যেষ্ঠ ওই প্রতিবেদকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলায় সাংসদ অভিযোগ করেন, গত ২৯ এপ্রিল কালের কণ্ঠ-এর প্রথম পাতায় ‘ইয়াবার রাজা বদি’ শিরোনামে প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে ইয়াবা পাচার, ইয়াবা সিন্ডিকেটের হোতা, সীমান্তের ইয়াবা গডফাদার ইত্যাদি লিখে মানহানি করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত সম্পাদক ও প্রতিবেদককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
২০১১ সালের ২৭ সেপ্টেম্বর কালের কণ্ঠ-এ ‘বদনামের শেষ নেই এমপি বদির’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে টেকনাফ স্থলবন্দর মিয়ানমারের চোরাই পণ্য খালাসের ঘাট, দমদমিয়ার বেসরকারি জাহাজঘাট ও সেন্টমার্টিন ঘাটের টোল আদায় থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সর্বত্রই এমপি বদির নিয়ন্ত্রণে এবং জঙ্গি সম্পৃক্ততায় অভিযুক্ত মুসলিম এইড নামের একটি এনজিওর সঙ্গে এমপি বদির সখ্যতার বিষয়টি উল্লেখ করা হয়।
এই প্রতিবেদনের মধ্য দিয়ে মানহানি হয়েছে—এমন অভিযোগ তুলে ২০১১ সালের ২ অক্টোবর সাংসদ বদির ছোট ভাই মুজিবুর রহমান কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, জ্যেষ্ঠ প্রতিবেদক বিপ্লব রহমান ও তোফায়েল আহমদসহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এ মামলায় ইমদাদুল হক ছাড়া অন্যরা জামিনে ছিলেন।

আদালত প্রাঙ্গণে ইমদাদুল হক মিলনের ভাষ্য, অনুসন্ধানে যা পেয়েছেন, তাঁরা তাই প্রকাশ করেছেন। হয়রানির জন্যই মূলত এসব মামলা।