বদির 'ভাই' আসলে ভাই নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির ‘ভাই’ ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে ফারুক আহমেদের দাবি, তিনি সাংসদ বদির ভাই নন। সাংসদের ও তাঁর বাবার নাম এক হলেও বাসার নম্বর ভিন্ন।

দুদক সূত্র জানায়, ইয়াবা ব্যবসা এবং মানব পাচারের অর্থ লেনদেন হয়েছে সন্দেহে গত ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দুদক। এবি ব্যাংক লিমিটেডের টেকনাফ শাখায় পরিচালিত একটি হিসাব পরিচালনাকারী ফারুক আহমেদকে তলব করে গত ১৭ সেপ্টেম্বর চিঠি দেয় দুদক। চিঠিতে ফারুক আহমেদের পিতার নাম ‘আলী আহমেদ, ঠিকানা-২১১ দক্ষিণ জালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার’ উল্লেখ করা হয়। টেকনাফ থানা পুলিশ গতকাল মঙ্গলবার দুদকের নোটিশটি ফারুকের হাতে তুলে দেয়। চিঠি পেয়েই ফারুক ঢাকার উদ্দেশে রওনা হন এবং আজ বুধবার সকালেই হাজির হন দুদকে।
আজ ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। জিজ্ঞাসাবাদে ফারুক আহমেদ দাবি করেন তিনি সাংসদ বদির ভাই নন। তবে সাংসদ বদির বাবার নাম ও তাঁর বাবার নাম (আলী আহমেদ) একই। কিন্তু দুজনের বাড়ির ঠিকানা ভিন্ন।
‘হাজিরা’ দিতে এসে আলাপচারিতায় ফারুক আহমেদ বলেন, ‘আমি জালিয়াপাড়ার ২২১ নম্বর বাড়িতে থাকি। বাড়ির নম্বর না মিললেও এমপি সাহেবের বাবার নাম আর আমার বাবার নাম এক হওয়ায় পুলিশ আমাকে খুঁজে বের করে। আমি মৎস্য ব্যবসায়ী। মাছ ব্যবসার টাকা লেনদেন করি ওই অ্যাকাউন্টে। তবে ফারুক আহমেদ নামে আরও অ্যাকাউন্ট হয়তো রয়েছে। তাতে অনেক অর্থও লেনদেন হয়। কিন্তু সেই ব্যক্তি আমি নই।’ ফারুক বলেন, ‘এলাকার এমপি হিসেবে বদি সাহেবকে আমি চিনি। তাঁর সঙ্গে সচরাচর সাক্ষাৎ হয় না। এমপি সাহেবের পরিবার দ্বারা আমার পরিবার নানাভাবে ক্ষতিগ্রস্ত।’
দুদক সূত্র আরও জানায়, সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে ১০ কোটি টাকারও বেশি জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের যে মামলা বিচারাধীন, সেটির তদন্তকালে দেখা গেছে, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন সরকারের সময় গ্রেপ্তার হয়েছিলেন আবদুর রহমান বদি। সে সময় থেকে ২০০৭ সাল পর্যন্ত বদি তাঁর ভাইদের নামে ব্যবসা-বাণিজ্য পরিচালনা শুরু করেন। ভাই, বিশ্বস্ত বন্ধু ও আত্মীয়স্বজনের নামে হিসাব নম্বর খুলে লেনদেন করেন। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সংস্থাটি প্রমাণ সংগ্রহ করতে পারেনি বলে সূত্র জানিয়েছে।
কিন্তু গত আগস্টে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনটি দুদকের টনক নাড়িয়ে দেয়। ওই প্রতিবেদনে এবি ব্যাংকের টেকনাফ শাখায় পরিচালিত একটি হিসাব নম্বরে অস্বাভাবিক লেনদেন দেখে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন শাখাও।
পরিদর্শনে দেখা যায়, হিসাব নম্বরটিতে জমা রয়েছে অর্থ বিপুল পরিমাণ অর্থ। অনলাইনে ব্যাংকটির মিরপুর, শ্যামলী ও আন্দরকিল্লা শাখা থেকে এ অর্থ জমা হয়। হিসাবটি থেকে টেকনাফ, ধানমন্ডি ও মিরপুর শাখায় নগদে হিসাবধারীর বাইরে অন্য ব্যক্তিরা অর্থ তুলছেন। হিসাবধারীর ব্যবসার ধরন এবং সম্পাদিত লেনদেনের প্রকৃতিগত সামঞ্জস্য নেই। এ ক্ষেত্রে উল্লিখিত হিসাবে জমাকৃত এ অর্থ মানব পাচার কিংবা অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কি না এবং অর্থ জমাদানকারী ও উত্তোলনকারী ব্যক্তিদের প্রকৃত পরিচয় উদঘাটনের প্রয়োজন বোধ করে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল।
বিভিন্ন তথ্যপ্রমাণ সংবলিত ৪০ পৃষ্ঠার ওই প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। সে অনুসন্ধানের অংশ হিসেবে ফারুক আহমেদকে তলব করা হয়।