বদ্ধ কনটেইনারে ৩৩ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরে একটি কনটেইনারের মধ্য থেকে গত বৃহস্পতিবার রাতে আবু তাহের নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি প্রায় ৩৩ ঘণ্টা কনটেইনারের মধ্যে আটকা ছিলেন।
বৃহস্পতিবার রাতেই তাহেরকে মংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার তিনি মোটামুটি সুস্থ হন। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারার বুবুমছড়া এলাকায়। মংলা বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এন্টিগা ও বারবুডার পতাকাবাহী জাহাজ এমভি এলিয়ান এস। পরদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে জাহাজটি মংলা বন্দর জেটিতে ভেড়ে। বেশ কিছু কনটেইনার খালাসের পর রাত নয়টার দিকে একটি কনটেইনারের মধ্যে শব্দ শুনতে পান শ্রমিকেরা।
মংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা বিষয়টি আমাকে জানান। এরপর কনটেইনারের তালা ভেঙে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।’
মংলা বন্দর হাসপাতালে চিকিৎসক মো. আবদুল হামিদ বলেন, চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থা এখন ভালো। শারীরিকভাবে শঙ্কামুক্ত হলেও মানসিকভাবে তিনি বিপর্যস্ত। তবে তাঁকে হেরোইন আসক্ত বলে মনে হয়েছে।
গতকাল হাসপাতালে আবু তাহের সাংবাদিকদের জানান, তিনি চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে কাজ করেন। তবে কীভাবে তিনি কনটেইনারে আটকা পড়েন সে বিষয়ে তাঁর কিছু মনে নেই।
জাহাজটির শিপিং এজেন্ট পিআইএলের (বাংলাদেশ) ব্যবস্থাপক নুরুল হুদা বলেন, ধারণা করা হচ্ছে তাহের নেশাগ্রস্ত অবস্থায় কনটেইনারের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন।
মংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) গোলাম মোক্তাদির বলেন, ওই ধরনের কনটেইনারের মুখ বন্ধ করে দেওয়ার পর ভেতরে আলো-বাতাস ঢুকতে পারে না। সম্ভবত কনটেইনারের মধ্যে যেটুকু অক্সিজেন ছিল সেটুকু দিয়েই তাঁহের বেঁচে ছিলেন। ৪০ ফুট লম্বা বড় কনটেইনার হওয়ায় ভেতরে অক্সিজেনের পরিমাণও বেশি ছিল।