বদ্ধ খালে পানিপ্রবাহের জন্য ভবন ভাঙা শুরু
খালের নাম বলরাম। সিলেট নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজার এলাকা দিয়ে প্রবহমান। দখল-দূষণে খালের গতিপথ পরিবর্তিত হয়েছে। বলরাম খালের শুরু পাওয়া গেলেও শেষের অংশ পাওয়া যাচ্ছিল না। অনেকটা বদ্ধ খালের রূপ নিয়েছিল বলরাম।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলরামে পানিপ্রবাহ সৃষ্টি করতে সিটি করপোরেশনের মালিকানাধীন একটি পুরোনো ভবনের একাংশ ভাঙার উদ্যোগ নিয়েছেন। জিন্দাবাজার এলাকায় ‘তিনতারা মার্কেট’ নামের তিনতলা বিপণিবিতানের একাংশ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ভাঙা শুরু হয়েছে। সিটি করপোরেশনের প্রকৌশলীরা জানিয়েছেন, বিপণিবিতানের একাংশ ভেঙে নিচ দিয়ে করা হবে বলরামের পানিপ্রবাহের নালা।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানায়, নগর দিয়ে প্রাকৃতিকভাবে প্রবহমান ছড়া ও খালের একটি বলরাম। কিন্তু এ খাল জিন্দাবাজার এলাকায় চিহ্নিত করা গেলেও পুরোটা চিহ্নিত করা সম্ভব হয়নি। এ কারণে জিন্দাবাজার, তাঁতীপাড়া, নয়াসড়ক, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, জেলরোড, বারুতখানাসহ বেশ কয়েকটি এলাকার পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। তিনতারা মার্কেটের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে খালটি। কিন্তু অপরিকল্পিতভাবে বিপণিবিতান নির্মাণ করায় বলরাম খাল ছোট হয়ে বদ্ধ নালায় পরিণত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের প্রকৌশলীদের নিয়ে বলরাম খাল এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় লোকজন বলরাম খালের গতিপথ বন্ধ হওয়ার জন্য তিনতারা মার্কেটকে দায়ী করলে মেয়র তাৎক্ষণিকভাবে প্রকৌশলীদের দিয়ে জরিপ করে খালের গতিপথ বের করার স্থান চিহ্নিত করেন। প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান, প্রকৌশলী এ টি এম শামসুল পাটোয়ারীর উপস্থিতিতে খালের গতিপথ বের করার স্থান চিহ্নিত হলে বিপণিবিতানের একাংশ ভাঙা শুরু হয়। এ সময় মেয়রের সঙ্গে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ছয়ফুল আমিন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিনার খান উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, বিপণিবিতানের একাংশ ভেঙে নিচ দিয়ে বড় নালা সৃষ্টি করা হবে। এ নালা সুরমা নদীর সঙ্গে মিলিত হওয়া আরেকটি খালের সঙ্গে মিলবে। এর মধ্য দিয়ে বলরাম খালে পানি প্রবহমান হবে।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিপণিবিতান এলাকায় উপস্থিত থেকে মেয়র আরিফুল হক কার্যক্রম তদারক করেন। মেয়র প্রথম আলোকে বলেন, ‘সিলেট নগরের খালের গতিপথ বের করতে স্থানীয় প্রবীণ লোকদের মতামতই গ্রহণযোগ্য। আমি বলরাম খালের বেলায় স্থানীয় লোকজনের মতামতকে প্রাধান্য দিয়েছি। যেহেতু বিপণিবিতানের মালিক সিটি করপোরেশন, তাই খাল পুনরুদ্ধারের স্বার্থে এটির একাংশ থেকে ভাঙা শুরু করেছি।’