বদ্ধ ঘরে শহুরে নিঃসঙ্গতা
বদ্ধ কক্ষ। ভেতরে প্রবেশ করতেই কানে ভেসে আসছিল বিভিন্ন যান্ত্রিক শব্দ। কোনো শব্দ নির্মাণাধীন ভবনের, কোনোটা কারখানার। ছিল ঘরের পুরোনো টেবিল ফ্যানের, মানুষের করতালি ও রিকশা চলার শব্দ। আক্ষেপে কপাল ছাপড়ানোর শব্দও ছিল সেখানে। এত কোলাহল, কিন্তু কোথাও কোনো প্রাণের দেখা নেই। আলো-আঁধারির কক্ষের ভেতর যেন কেবলই নিঃসঙ্গতা।
গ্রিন রোডের কার্যালয়ের একটি কক্ষে এভাবেই বদ্ধ ঘরের ভেতর নিঃসঙ্গ শহরকে তুলে ধরেছে বৃত্ত আর্টস ট্রাস্ট। গতকাল রোববার থেকে সেখানে শুরু হয়েছে শহরকেন্দ্রিক শিল্পকর্ম প্রদর্শনী। শেষ হবে ১০ ফ্রেব্রুয়ারি। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী প্রতিদিন চালু থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। একই সংগঠনের শিল্পীদের শাহবাগ এলাকার ডাস্টবিনে চলছে গ্রাফিতি (দেয়ালচিত্র) আঁকার কর্মসূচি। আর চারুকলার বকুলতলায় দেখানো হচ্ছে শহরকেন্দ্রিক চলচ্চিত্র। এটি শেষ হবে আজ।
শহরনামা নামক প্রকল্পের মাধ্যমে এই শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রকল্পের কিউরেটর মাহবুবুর রহমান বলেন, শহুরে জীবনের যান্ত্রিকতা তুলে ধরতেই এসব শিল্পকর্ম প্রদর্শনী।
প্রদর্শনীতে স্থান পেয়েছে নয়টি শিল্পকর্ম। বদ্ধ কক্ষের শুরুতেই আছে একটি ভবনের প্রতিকৃতি। ১৩টি বালিশ স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয়েছে এই ভবন। ভবনের নিচে মোটর স্থাপন করায় যেটি একটু পরপর দুলছে। শিল্পী আমিনুল ইসলাম এই ভবনের নাম দিয়েছেন ‘মায়ের দোয়া টাওয়ার’। তিনি বলেন, ‘শহর এখন উঁচু দালানকোঠায় ছেয়ে গেছে। ভবন নির্মাণে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকেরা কাজ করছেন। তাঁরা কারও না কারও মা। তাঁদের শ্রম এই ভবনে থাকলেও তাঁদের বাসস্থানের ব্যবস্থা আছে কি না, সেটা কেউ জানি না। ঢাকা শহরে একটু বেশি মাত্রার ভূমিকম্প হলে এই ভবনগুলো ধসে পড়তে পারে। এই জন্য ভবনের কম্পন দেখানো হয়েছে।’
এর পাশেই আছে একটি বাসার ছাদের রেলিংয়ে ঝুঁকে থাকা কয়েক জোড়া মৃত কাকের প্রতিকৃতি। এর পাশে দেখা গেল ‘রিফর্ম’ নামের একটি শিল্পকর্ম। একটি বক্সের ভেতর রাখা বেশ কিছু লোহার খণ্ড। মেশিনচালিত হাতে সেই লোহা দিয়ে কিছু তৈরির চেষ্টা করা হচ্ছে। একই হাত দিয়ে আবার সেটিকে ভেঙে ফেলা হচ্ছে। শিল্পী তেজশ হালদার জানালেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উন্নয়নের নামে শহরে বিভিন্ন স্থাপনাও ভাঙাগড়া হয়। অথচ গড়ে রাখা একটি জিনিসকে সেখান থেকেই উন্নয়ন করা সম্ভব।
‘রোটেটিং লাইভ’ নামের একটি শিল্পের মাধ্যমে শহুরে মানুষের জীবনচক্রকে তুলে ধরেছেন শিল্পী কামরুজ্জামান। একটি চরকার বৃত্তের মাঝে পুরোনো যন্ত্রাংশ দিয়ে স্থাপন করেছেন মানুষ, গাছ, গাড়ি, ভবন, পানির ট্যাংক। একটি বৈদুতিক মোটরের সাহায্যে যেটি ঘুরছে। কামরুজ্জামান বলেন, শহরে মানুষ আসে তার ভাগ্যের উন্নয়নের জন্য। কিন্তু এখানে এসে প্রতিনিয়ত তাকে একটি চক্রে ঘুরতে হয়। ভাগ্যের উন্নয়ন কারও হয়, কারও হয় না।
শহুরে মানুষের সফলতা-ব্যর্থতা তুলে ধরা হয়েছে ‘লুজার’ নামের শিল্পকর্মের মাধ্যমে। আর শহুরে যান্ত্রিকতা থেকে মুক্তি পাওয়ার উপায় ফুটিয়ে তোলা হয়েছে ‘দ্য পেগাসাস’ নামের শিল্পকর্মে। যেটিতে দেখা গেল, রিকশার এক চাকার সঙ্গে লাগানো রয়েছে বক্স। যেটি মানুষের নগরে বন্দী হয়ে থাকার প্রতীক। আর চাকার ওপর লাগানো রয়েছে পরির পাখা। শিল্পী লিটন পাল যেটি দিয়ে বুঝিয়েছেন, একমাত্র কাল্পনিক শক্তিই পারে নগরবাসীকে বন্দিদশা থেকে মুক্তি দিতে।
প্রদর্শনীতে আরও আছে, ওল্ড টাউন ভার্সেস ড্রিম টাউন, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ, গরম হাওয়া, ক্রাই অব সাইলেন্স নামের শিল্পকর্ম।