বদ্ধ পাটের গুদামে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ৮৯ জন শিক্ষার্থী একসঙ্গে পাটের গুদামের মেঝেতে বসে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিচ্ছে। প্রচণ্ড গরমে তাদের শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে। গরমে সইতে না পেরে অনেকে গায়ের জামা খুলে রেখেছে। এরা নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ের ভবন ৬ আগস্ট মধুমতী নদীতে বিলীন হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই গুদামে পাঠদান ও পরীক্ষা নিতে বাধ্য হচ্ছে।প্রধান শিক্ষক দীপক কুমার বিশ্বাস জানান, বিদ্যালয়ে ১৭৮ জন শিক্ষার্থী লেখাপড়া করে। মধুমতী নদীর ভাঙনে বিদ্যালয় ভবন বিলীন হয়ে গেছে। এরপর শিয়রবর বাজারের তরকারি পট্টির চান্দিনায় প্রথমে কয়েক দিন পাঠদানের ব্যবস্থা করা হয়। বাজারের পাট রাখার গুদামে এখন বিদ্যালয়ের কার্যক্রম চলছে। গুদামঘরের মালিক দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আশ্রয় দিয়েছেন। এরপর কোথায় জায়গা পাওয়া যাবে, তা বলা যাচ্ছে না। অস্থায়ীভাবে আশ্রয় পাওয়ায় বেঞ্চগুলো শিয়রবর আজিজ-আশরাফ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। আর বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি বাড়িতে রাখা হয়েছে।২৫ আগস্ট দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, শিয়রবর বাজারের মাঝখানে একটি পাটের গুদাম। দৈর্ঘ্যে এটি ৪০ ফুট, প্রস্থে ১৫ ফুট। গুদামের একটি মাত্র দরজা। কোনো জানালা নেই। বিদ্যুৎও নেই। ভেতরে প্রচণ্ড গরম। গরমে হাঁসফাঁস করছে সবাই। অনেক ছাত্র গরম সহ্য করতে না পেরে শার্ট খুলে ফেলেছে।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুরজাহান, আন্না ও দীপক বলে, ‘গরমের মধ্যে বসে কি পরীক্ষা দেওয়া যায়। মেঝেতে বসে লিখতেও সমস্যা হচ্ছে। এখানে আলো-বাতাস কিছুই নেই। আমাদের এখন একটা স্কুল দরকার।’সহকারী শিক্ষক পলি খানম ও অঞ্জনা খানম জানান, সব শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে পাঠদান ও পরীক্ষা নিতে হচ্ছে আলো-বাতাসহীন একটি বদ্ধ ঘরে। এতে শৃঙ্খলা বজায় রাখা যাচ্ছে না। উপকরণ ব্যবহার করা যাচ্ছে না। খাওয়ার পানির ব্যবস্থা নেই। নেই শৌচাগার। গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।অভিভাবক রামপ্রসাদ কুণ্ডু জানান, তাঁর মেয়ে দোলা ওই গরমের মধ্যে পরীক্ষা দিয়ে অসুস্থ হয়ে পড়েছে। সে এখন আর পরীক্ষা দিতে পারছে না। অন্য অভিভাবক হাসান মোল্লা জানান, আলো-বাতাসহীন ওই গুদামঘরে আধা ঘণ্টাও কোনো মানুষ টিকতে পারবে না। অথচ এসব শিশুর এখানে বসে পরীক্ষা দিতে এবং ক্লাস করতে হচ্ছে।গুদামের মালিক হাসান মুন্সী বলেন, ‘ক্লাস ও পরীক্ষা নেওয়ার কোনো জায়গা না পাওয়ায় আপাতত আমি গুদাম ছেড়ে দিয়েছি। এখন পাটের মৌসুম শুরু হয়েছে। তাই বেশি দিন তাদের এখানে রাখতে পারব না। তাদের অন্যত্র জায়গা দেখতে হবে।’লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণপদ সরকার জানান, ভবন না থাকায় ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী জানান, জমি পেলে ঘর তুলে সেখানে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা যাবে। জমি না পেলে ভাসমানই থাকতে হবে।