বদ্বীপ পরিকল্পনা পাস, জিডিপি প্রবৃদ্ধি বাড়বে দেড় শতাংশ

বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বাড়তি দেড় শতাংশ প্রবৃদ্ধি হবে। আগামী ১০০ বছরে পানিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা এটি।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বদ্বীপ পরিকল্পনা পাসের পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসির সভায় এই বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা পাস হয়। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসির সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল আরও বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ২১০০ সালে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চাই, তা বদ্বীপ পরিকল্পনায় বলা হয়েছে। পৃথিবীতে এত দীর্ঘ সময়ের পরিকল্পনা আর কোনো দেশ করেনি।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারলে কৃষিতে আর পিছিয়ে পড়বে না বাংলাদেশ। নেদারল্যান্ডসের বদ্বীপ পরিকল্পনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা করা হয়েছে। নেদারল্যান্ডস এই পর্যন্ত ৬ হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি পেয়েছে। বাংলাদেশেও নদীবাহিত পলি দিয়ে এমনভাবে ভূমি পেতে পারে।
আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি, বন্যা, খরা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এই পরিকল্পনাটি করা হয়েছে। এই পরিকল্পনায় বন্যা, নদীভাঙন, নদী শাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে।
যদিও এটি আগামী ১০০ বছরের পরিকল্পনা, আপাতত ২০৩০ সাল নাগাদ ৮০টি পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে খরচ হবে ৩ হাজার ৭০০ কোটি ডলার। বর্তমান বাজার ধরে টাকার অঙ্কে এর পরিমাণ ৩ লাখ কোটি টাকার বেশি।
বদ্বীপ পরিকল্পনার আওতায় ছয়টি অঞ্চলে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে ছয়টি এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এগুলো হলো উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, পার্বত্য চট্টগ্রাম, নদীবিধৌত অঞ্চল ও নগর এলাকা। এ ছাড়া বদ্বীপ পরিকল্পনায় বৃহৎ পরিসরে তিনটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করা, ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) পরিকল্পনাটি প্রণয়ন করেছে, যা ডেল্টা প্ল্যান নামে পরিচিত। নেদারল্যান্ডসের ডেল্টা প্ল্যানের আলোকে বাংলাদেশের পরিকল্পনাটি করা হয়েছে। জিইডি সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থনীতিবিদদের সঙ্গে মিলে বাংলাদেশের অর্থনীতিবিদেরা বদ্বীপ পরিকল্পনা কৌশলগুলো নির্ধারণ করা হয়েছে।
জিইডি সূত্রে জানা গেছে, বর্তমানে পানিসম্পদ ব্যবস্থাপনা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র দশমিক ৮ শতাংশ খরচ হয়, যা পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে খরচ করা হয়। নতুন মহাপরিকল্পনায় ২০৩০ সাল নাগাদ এই খরচ জিডিপির আড়াই শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে। এর মধ্যে ২ শতাংশই আসবে সরকারি বিনিয়োগ থেকে। বেসরকারি খাত থেকে বাকি আধা শতাংশ বিনিয়োগ আসবে।