বধূকে হত্যার অভিযোগ শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পৌরসভার রামচন্দ্রপুর মহল্লায় হাফিজা খাতুন (১৯) নামের একজন গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।হাফিজার পরিবারের দাবি, যৌতুকের জন্য স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে হত্যা মামলা করা হয়েছে।হাফিজার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছরের এপ্রিল মাসে পৌর এলাকার রামচন্দ্রপুর মহল্লার মুজাম্মেল হকের ছেলে শিমুল হোসেনের সঙ্গে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে হাফিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা হাফিজার পরিবারকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে হাফিজার শ্বশুরবাড়িতে তুমুল ঝগড়াঝাটি হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর শাশুড়ি শিউলি খাতুন প্রতিবেশীদের ডেকে বলেন, ‘হাফিজা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আমি নিজে তাকে ফাঁসি থেকে নামিয়ে এনেছি।’ পরে এলাকাবাসী গিয়ে বাড়ির উঠানে হাফিজার লাশ দেখতে পায়।হাফিজার চাচা আবদুর রাজ্জাক বলেন, বিয়ের পর প্রথমে হাফিজার স্বামী যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করেছিল। সেই টাকা পরিশোধ করার পর তারা আরও এক লাখ টাকা চায়। এ টাকা না দিতে পারায় তার ওপর অত্যাচার শুরু করে তারা। তিনি আরও অভিযোগ করেন, টাকার জন্যই স্বামী, শ্বশুর ও শাশুড়ি হাফিজাকে পিটিয়ে হত্যা করেছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) রমজান গাজী জানান, রাতে এলাকাবাসীর খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় ও শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এনায়েত উদ্দিন জানান, আবদুর রাজ্জাক বাদী হয়ে হাফিজার স্বামী, শ্বশুর ও শাশুড়ি শিউলী খাতুনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ওই রাতে শিউলীকে গ্রেপ্তার করা হয়েছে।