বধূবেশে ভারতীয় শাড়ি চোরাচালান
দিনাজপুরের বিরামপুর স্টেশন ও সান্তাহার-পার্বতীপুর রুটে চলাচলকারী ট্রেনে উঠলেই ইদানীং চোখে পড়ে বিভিন্ন বয়সের অনেক নারী বধূ সেজে বসে আছেন। প্রথমে দেখে মনে হতে পারে, কোনো গণবিয়ের আসর থেকে তাঁরা আসছেন।কাছাকাছি গিয়ে তাঁদের সঙ্গে কথা বললেই পরিচয় জানা যায়। তাঁরা চোরাকারবারি। কথা বলে জানা যায়, চোরাই পথে আনা ভারতীয় দামি শাড়ি নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য তাঁরা নতুন এই পদ্ধতি বেছে নিয়েছেন। ১০-১৫ বছরের কিশোরী থেকে ৫০ বছরের নারীরা এই কাজ করছেন বলে প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের হিলি এবং ভারতের হিলি ও বালুরঘাট থেকে এসব শাড়ি কেনা হয়। তারপর তাঁরা হিলিতে ট্রেনে ওঠেন। ট্রেন না থামলে বাস বা টেম্পোতে করে বিরামপুর রেলস্টেশন থেকে পার্বতীপুর ও সান্তাহারগামী ট্রেনে ওঠেন।চোরাকারবারি সৈয়দপুরের শেফালী, পার্বতীপুরের সাথি ও হাকিমপুরের স্নিগ্ধা জানান, প্রতিটি শাড়ি তাঁরা ১৫০ টাকার বিনিময়ে সৈয়দপুর ও নওগাঁর মহাজনদের কাছে পৌঁছে দেন। শাড়ির পাশাপাশি জিরাসহ ছোটখাটো বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যও নিয়ে যান।এভাবে শাড়ি নিয়ে আসায় বিব্রতকর অবস্থায় পড়েছে বিজিবি। বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার শফি উদ্দিন হাওলাদার জানান, নারীদের শরীরে একটি মাত্র শাড়ি থাকায় তাঁদের পক্ষে এসব শাড়ি খুলে নেওয়াও সম্ভব হচ্ছে না। তবে তাঁদের কাছে থাকা অন্যান্য ভারতীয় পণ্য নিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।