বধ্যভূমি এলাকার বাইরে হবে খাদ্যগুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সাইলো (খাদ্যগুদাম) নির্মাণ হচ্ছে। তবে সেটা হবে বধ্যভূমি ও দিঘি এলাকার বাইরে। এ ব্যাপারে বরিশালের কয়েকটি স্থান পরিদর্শন করেছেন খাদ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। কীর্তনখোলার তীরে একটি স্থানকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয়েছে।
গত শুক্রবার বরিশালের বধ্যভূমি ও দিঘি এলাকার বাইরে পাঁচটি স্থান পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরে বধ্যভূমি এলাকার বাইরে সাইলো নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।
গত শুক্রবার বরিশালের জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ, আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের পরিচালক গাজীউর রহমান, সমন্বয়ক মো. জাহাঙ্গীর হোসেন সম্ভাব্য এলাকা পরিদর্শন করেন।
বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক বরিশালে সাইলো নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এসেছেন। তাঁদের সামনে বধ্যভূমি সম্পর্কে বরিশালের মানুষের আবেগ ও আন্দোলনের বিষয় তুলে ধরা হয়েছে। এ সময় বধ্যভূমির সম্মান অক্ষুণ্ন রেখে বরিশালে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁরা নগরের কয়েকটি স্থান পরিদর্শন করেন। প্রাথমিকভাবে একটি জায়গা চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পের জন্য ১২ একর জমি দেখা হয়েছে।
আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরিশালে সাইলো নির্মাণ এলাকা সরেজমিন দেখতে চেয়েছেন। তাঁকে সঙ্গে নিয়ে বরিশাল গিয়েছিলাম। তবে কোনো জায়গা চূড়ান্ত করা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি জায়গা দেখানো হয়েছে। এখন সরকার যা সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’