বধ্যভূমি এলাকায় পুকুর ভরাটে আদালতের স্থগিতাদেশ
বরিশালে বধ্যভূমি এলাকায় পুকুর ভরাট করে খাদ্যগুদাম নির্মাণকাজের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং পুকুর সংরক্ষণে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেন। গত সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস অব বাংলাদেশের পক্ষে জনস্বার্থে একটি রিট আবেদন করেন আসাদুজ্জামান সিদ্দিকী। ওই রিটের শুনানি শেষে গতকাল আদালত এই নির্দেশ দেন। রিটে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বরিশাল সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (এনফোর্সমেন্ট), পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক, বরিশাল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংবিধান ও জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী পুকুর ভরাট নিষিদ্ধ। এ ছাড়া ওই এলাকায় মুক্তিযুদ্ধের বধ্যভূমি রয়েছে। এখানে পুকুর ভরাট করে খাদ্যগুদাম নির্মাণ করলে বধ্যভূমির অস্তিত্ব বিপন্ন হবে। আইন অমান্য করে পুকুর ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।