বধ্যভূমি এলাকায় পুকুর ভরাটের কাজ স্থগিতের নির্দেশ
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বরিশালে বধ্যভূমি রক্ষা আন্দোলনের সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। নাগরিকদের মনোভাবের বাইরে গিয়ে কোনো কাজ করা হবে না। তিনি ১০ জানুয়ারি পর্যন্ত নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল রোববার দুপুরে নগরের বধ্যভূমি এলাকায় মুক্তিযোদ্ধা ও নগরবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বরিশালবাসী চাইলে নির্ধারিত স্থানে আধুনিক খাদ্যগুদাম (সাইলো) করা যেতে পারে। সে ক্ষেত্রে বধ্যভূমির সৌন্দর্য রক্ষায় দুই থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া সাইলো নির্মাণ এলাকা থেকে দুই বিঘা জমি বরাদ্দ দেওয়া হবে।
তবে মন্ত্রীর এই প্রস্তাবের বিরোধিতা করেন মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকেরা। তাঁদের দাবি, কোনোভাবেই বধ্যভূমি এলাকায় খাদ্যগুদাম নির্মাণ করা যাবে না। পাশের পরিত্যক্ত গুদাম ভেঙে সেখানে সাইলো নির্মাণ করা হোক।
মতবিনিময় সভায় বধ্যভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল বলেন, ‘বধ্যভূমির বিনিময়ে কোনো উন্নয়ন বা সাইলো চাই না। বধ্যভূমি এলাকায় সাইলো নির্মাণ পরিকল্পনা বাতিল করতে হবে। তাতে যদি প্রকল্প এক বছর পিছিয়েও যায়, তাতে এমন কোনো ক্ষতি হবে না।’
বধ্যভূমির রক্ষা কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম নিদর্শন ঢেকে দিয়ে সাইলো নির্মাণের যৌক্তিকতা নেই। পাশেই ৩০টি পরিত্যক্ত গুদাম রয়েছে। সেখানে সাইলো নির্মাণ হলে বধ্যভূমি ও সাইলো দুটিই থাকতে পারে।
জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে। শুধু বরিশালের বধ্যভূমি নয়, সারা দেশের সব বধ্যভূমি রক্ষা ও উন্নয়নে কাজ করছে সরকার। বরিশালবাসী না চাইলে এখানে সাইলো নির্মাণ করা হবে না। তবে সে বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের আপত্তির স্থানে বিশ্বব্যাংকও কাজ করবে না।
বধ্যভূমি এলাকায় সাইলো নির্মাণ শুরু হলে বরিশালবাসী আন্দোলন শুরু করেন। মুক্তিযোদ্ধাসহ বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সঙ্গে বিভিন্ন সংগঠন এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। এ রকম অবস্থায় খাদ্যমন্ত্রী গতকাল বরিশালে আসেন এবং সবার মতামত নেন।