বরিশাল নগরে বধ্যভূমির পাশের বিশাল সেই দিঘি ভরাট করে খাদ্যগুদাম নির্মাণ পরিকল্পনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিকেরা। একই সঙ্গে দিঘির চারপাশের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার দাবিও জানিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার সকাল ১০টায় নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সদর রোড) সড়কে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানান নগরবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালের মানুষের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান নগরের ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি। এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বড় আকারের দিঘি ও কীর্তনখোলা নদী। প্রায় তিন একর দিঘি ভরাট করার উদ্যোগ নেওয়া মানে নগর ধ্বংসের উদ্যোগ নেওয়া। খাদ্যগুদাম করতে হলে ত্রিশ গোডাউনের পরিত্যক্ত গুদাম ভেঙে সেখানে করা হোক। জলাশয় ভরাট করে খাদ্যগুদাম নির্মাণ হলে সৌন্দর্য হারাবে বধ্যভূমি। ঘটবে পরিবেশ বিপর্যয়।
রণজিৎ দত্তের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন লিংকন বায়েন। একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানান সৈয়দ হাবিবুর রহমান, সুভাষ চন্দ্র বিপ্রবেদান্তী, চিত্ত রঞ্জন রায় প্রমুখ।