বধ্যভূমি থেকে উদ্ধার হাড়গোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মুক্তিযুদ্ধের পুরো নয় মাস সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা চালায় নির্যাতন ও গণহত্যা। দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। এগুলোর কোনো কোনোটিতে কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে।

মুক্তিযোদ্ধা মো. সালাউদ্দিন ’৭১-এর ১১ নভেম্বর কিছু অস্ত্র ও গ্রেনেড নিয়ে সখীপুর মুক্তিযোদ্ধা ঘাঁটি থেকে টাঙ্গাইল শহরে নিজেদের বাসায় আসেন। উদ্দেশ্য ছিল শহরে গেরিলা আক্রমণ করা। খবর পেয়ে পরদিন মধ্যরাতে পাকিস্তানি সেনারা রাজাকারদের সহায়তায় তাঁদের আকুরটাকুর পাড়ার বাসা ঘেরাও করে। আটক করে তাঁকে প্রথমে নেওয়া হয় বদর বাহিনীর ক্যাম্পে। পরে জেলা সদর এলাকায় সেনাবাহিনীর বন্দিশালায়। সেখানে আটকে রেখে নির্যাতন চালানো হয় কয়েক দিন। পরে জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে তাঁকে হত্যা করা হয়।
টাঙ্গাইলের এই পানির ট্যাংক এলাকা মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমি হয়ে ওঠে। বিভিন্ন স্থান থেকে অসংখ্য মুক্তিকামী মানুষ এবং মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করা হতো এখানে।
একাত্তর সালের ৩ এপ্রিল মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভেঙে পাকিস্তানি সেনাবাহিনী টাঙ্গাইল শহরে প্রবেশ করে। তারা টাঙ্গাইল সার্কিট হাউসে ঘাঁটি বা সামরিক দপ্তর স্থাপন করে। আর সার্কিট হাউসের পাশেই অবস্থিত সরকারি আবাসিক ভবনগুলো করা হয় বন্দিশালা ও নির্যাতনকেন্দ্র। টাঙ্গাইলে প্রবেশের সময় মির্জাপুরের গোড়ান-সাটিয়ারচরায় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় পাকিস্তানি বাহিনী। তাই ক্ষিপ্ত হয়ে টাঙ্গাইলে ঢুকেই শুরু করে নির্যাতন ও হত্যা।
ঘাতক দালাল নির্মূল কমিটি টাঙ্গাইল শাখার সভাপতি এবং এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ সেকান্দার হায়াত বলেন, জেলা সদর এলাকার উত্তর প্রান্তে পানির ট্যাংকের পাশে নিচু জায়গাটিতে পাকিস্তানি সেনারা মানুষ ধরে এনে হত্যা করে লাশ ফেলে রাখত। লাশগুলো পরিণত হতো কাক, শিয়াল, শকুনের খাবারে। এখানেই ধরে এনে হত্যা করা হয় এম এম আলী কলেজের বাংলার অধ্যাপক নিত্যানন্দ পাল, কুমুদিনী কলেজের ইতিহাসের অধ্যাপক আবদুস সাত্তার, বিন্দুবাসিনী হাইস্কুলের শিক্ষক বীরেশ মজুমদার ও তাঁর ছেলে পৃথ্বিশ মজুমদার, জাহ্নবী হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হেরম্বনাথ রায়, প্যারাডাইস পাড়ার ওষুধ ব্যবসায়ী প্রবোধ চন্দ্র রায়, শিবপুরের সুশীল কুমার সাহা, কাগমারীর বলহরি দাস, প্রমোদ পাল, শান্তি সাহাসহ নাম না জানা আরও অনেক মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাকে।
বর্তমানে কালিহাতী কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক বাদল মাহমুদকে বদর বাহিনী ধরে নিয়ে গিয়েছিল ৯ নভেম্বর। তিনি জানান, ১১ ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত হওয়ার পর তিনি জেলা সদর পানির ট্যাংকের পাশে অসংখ্য মাথার খুলি ও হাড়গোড় পড়ে থাকতে দেখেছেন।