শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বরিশাল নগরের বধ্যভূমি এবং প্রায় পাঁচ একর দিঘি রক্ষা করেই নির্মাণ করা হবে আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো)। সে জন্য নতুনভাবে জায়গা চূড়ান্ত করা হবে।
গতকাল রোববার সকালে সরেজমিনে বধ্যভূমি এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘বধ্যভূমির সঙ্গে আমাদের ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে আছে। তা ছাড়া পরিবেশ রক্ষা করাও বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তাই এখানকার জলাশয় রক্ষা করা হবে।’
মন্ত্রী বধ্যভূমি এলাকায় সাইলো নির্মাণ করা না হলে বরিশালের বাইরে নিয়ে যাওয়ার আশঙ্কাও নাকচ করে দিয়েছেন।
নগরের ত্রিশ গোডাউন এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি এলাকায় দিঘি ভরাট করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। নগরবাসীর প্রতিবাদের মুখে খাদ্যগুদাম নির্মাণ প্রকল্পের পরিচালক বরিশালে মতবিনিময় করেন। সেখানে নগরবাসী বধ্যভূমি-সংলগ্ন দিঘি ভরাট বন্ধ এবং পরিত্যক্ত ত্রিশ গোডাউন এলাকায় সাইলো নির্মাণের দাবি জানায়। কিন্তু খাদ্য অধিদপ্তর ওই দাবি না মেনে ১৭ ডিসেম্বর রাতের আঁধারে দিঘি ভরাট শুরু করে। বিষয়টি নৌমন্ত্রী শাজাহান খান জেনে তাৎক্ষণিক বালু ভরাট বন্ধের নির্দেশ দেন।
পরে নাগরিকদের সঙ্গে মতবিনিময় করার জন্য ৩ জানুয়ারি বরিশালে আসেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বধ্যভূমি এলাকায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী বলেন, বরিশালে বধ্যভূমি রক্ষা আন্দোলনের সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। নাগরিকদের মনোভাবের বাইরে গিয়ে কোনো কাজ করা হবে না। কিন্তু এই প্রকল্প বাতিল হলে সাইলো বরিশালে না-ও হতে পারে—এমন আশঙ্কার কথাও জানান তিনি।
বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী জলাশয় ভরাট করে সাইলো নির্মাণ না করার নির্দেশ দেন। গতকাল শিল্পমন্ত্রী এলাকা পরিদর্শন করে বধ্যভূমি ও জলাশয় রক্ষার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি বরিশালেই সাইলো হবে এমন আশ্বাসও দেন।
বরিশালে বধ্যভূমি রক্ষা আন্দোলন কমিটির আহ্বানে শিল্পমন্ত্রী ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, বধ্যভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল, বরিশালের জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান, মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, নাট্যব্যক্তিত্ব কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, সাবেক সভাপতি শান্তি দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।