বধ্যভূমি সংরক্ষণের আলোচনায় চোখ ভিজে গেল সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেই সব দিনের কথা কইতে গেলে ফুরাইবে না। পেত্যেক দিন পাঁচ থেকে সাত শ মানুষ ধইর‌্যা নিয়া আইত মিলিটারিরা। গাড়িতে কইর‌্যা আনত মাইয়াগো। হ্যাগো কান্নায় ঘুমাইতে পারতাম না। সারা রাইত নির্যাতন কইর‌্যা ফজরের নামাজের আগে মাইর‌্যা ফালাইত। হেরপর লাশ ফালাইত এইখানকার খালে। সব দেইখ্যাও কিছু কইতে পারি নাই তখন।’ ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বরিশালে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর বাসভবনের ঝাড়ুদার আরতি বালা এভাবেই বর্ণনা করেন তাঁর দেখা সে দিনগুলোর কথা।নগরের বিআইটি কলোনি এলাকায় ‘বরিশাল ওয়াপদা-সংলগ্ন বধ্যভূমি সংরক্ষণ প্রকল্প’ বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বুধবার পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। নগরের ২৭টি সংগঠনের জোট ‘বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ’ এ সভার আয়োজন করে। সমন্বয় পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর ও সিটি করপোরেশন এ প্রকল্প বাস্তবায়ন করছে।সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টির সদস্যসচিব মফিদুল হক, ট্রাস্টি সরোয়ার আলী, সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, বিভাগীয় কমিশনার নূরন্নবী তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) ভানু লাল দাস, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ. রব মিয়াসহ এই বধ্যভূমিতে নির্যাতনের শিকার শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত ছিলেন। বর্ণনা শুনে উপস্থিত শ্রোতা ও বক্তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।শহীদ কাজী আজিজুল ইসলামের ছেলে আতিকুর রহমান বলেন, ‘আমার বাবা তখন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। একদিন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। আমি, মা ও দুই বোন সেদিন কোনোমতে পালিয়ে বাঁচি। বাবাকে এই বধ্যভূমিতে পরের দিন মেরে ফেলে তারা। আগামী দিনে এখানে যে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে, তার মধ্যে আমি আমার শহীদ বাবাকে খুঁজে পাব।’শহীদ নজরুল ইসলামের ভাই মো. মাসুম বলেন, ‘আমার ভাই তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল। ১৯৭১ সালের ১৯ জুন নলছিটি ও বাবুগঞ্জ থানা অপারেশন করতে গেলে সেখান থেকে পাকিস্তানি সেনাবাহিনী আমাকে ও আমার ভাইকে ধরে আনে। তারা বালুর ওপর ভাত ছিটিয়ে আমাদের খেতে বলে। না খেলে বুট দিয়ে লাথি মারে, বেয়নেট দিয়ে আঘাত করে। একপর্যায়ে আমার ভাই বলেছিল, “তোরা আমাকে গুলি করে মেরে ফেল, তবুও লাথি মারিস না।” ওরা আমার ভাইকে সেদিন সত্যি সত্যি মেরে ফেলে। ওদের নির্যাতনে আমার দাঁত ভেঙে যায়।’শহীদ মজিবর রহমানের ছেলে শফিউর রহমান বলেন, ‘আমি ও আমার ছোট ভাইয়ের সামনে এই বধ্যভূমিতে বাবাকে হত্যা করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় আমাদের ঘরবাড়ি।’শহীদ শুক্কুরের মা মালেকা বেগম বলেন, ‘এই বধ্যভূমিতে আমার শুক্কুরের শরীর বালি দিয়া ঢাইক্যা রাইখ্যা আমার চোখের সামনে নির্যাতন কইর‌্যা, চোখ উডাইয়া মাইর‌্যা ফালাইছে পাকিস্তানিরা।’যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ জি কবির বলেন, ‘১৯৭১ সালের ১৮ এপ্রিল এলএমজিসহ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়ি। পরে এই ক্যাম্পে রেখে আমাকে ১৯ দিন নির্যাতন করা হয়। আমার চোখের সামনে তখন কত মুক্তিযোদ্ধাকে ওরা নির্যাতন করে মারে।’সরোয়ার আলী বলেন, ‘আমরা এখানে এমন একটি স্মৃতিচিহ্ন রেখে যেতে চাই, যেখানে মুক্তিযুদ্ধের সেইসব দিনের নানা অজানা তথ্য থাকবে। মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত নানা জিনিসপত্র থাকবে একটি জাদুঘরে, যেখান থেকে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।’