বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ
বিজয়ের ৪০ বছরে এসে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন অযত্ন-অবহেলায় পড়ে ছিল এই বধ্যভূমি। বেসরকারিভাবে এ উদ্যোগ বাস্তবায়নে গঠন করা হয়েছে আলমডাঙ্গা বধ্যভূমি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি। কমিটির প্রধান উদ্যোক্তা আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা এম সবেদ আলী প্রথম আলোকে জানান, একটি মহল আলমডাঙ্গা রেলসেতু এলাকায় গঙ্গা-কপোতাক্ষ খালের ধারের এই বধ্যভূমির জায়গা দখলের অপচেষ্টা চালাচ্ছিল, অন্যদিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বধ্যভূমি সংরক্ষণের দাবি জানিয়ে আসছিল। সরকারিভাবে এই দাবি পূরণের কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় অবশেষে তারা নিজেরাই এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, এখানে শিগগিরই একটি দৃষ্টিনন্দন স্মৃতিফলক তৈরির কাজ শুরু করা হবে। চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। গত রোববার সরেজমিনে দেখা গেছে, বধ্যভূমি এলাকার ঝোপঝাড় পরিষ্কার করে সেখানে পরিকল্পিতভাবে ফুলের বাগান তৈরি করা হচ্ছে। বধ্যভূমির চারপাশে জনসাধারণের বসার জন্য কয়েকটি কংক্রিটের বেঞ্চ তৈরি করা হয়েছে। সীমানা নির্ধারণের পর বধ্যভূমিটি সংরক্ষণের কাজ চলছে। মুক্তিযুদ্ধ ও এই বধ্যভূমির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত একটি বোর্ড লাগানো হয়েছে। বধ্যভূমি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আলমডাঙ্গা ইউনিট কমাণ্ডার আবদুল কুদ্দুস প্রথম আলোকে জানান, স্বাধীনতাযুদ্ধের সময় হানাদারেরা আলমডাঙ্গা রেলসেতুতে ট্রেন থামিয়ে নিরীহ সাধারণ মানুষকে ধরে এনে অমানুষিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করে এখানে পুঁতে রাখে। রাজাকার ও শান্তি কমিটির সহায়তায় নারীদের ধরে এনে পানি উন্নয়ন বোর্ডের কক্ষে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে গণকবর দেওয়া হতো।