বধ্যভূমিতে খড়ের গাদা, দোকান

রেলস্টেশনের পাশে ৬০ শতক জমি। এর মাঝে একটি স্মৃতিস্তম্ভ। তার পাশে খড়ের গাদা ও সেপটিক ট্যাংক। জমিটির দুই পাশে দুটি দোকান ও একটি বড় গুদাম ঘর। এই চিত্র রাজবাড়ীর কালুখালী উপজেলার একমাত্র বধ্যভূমিটির।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটি সংরক্ষণে উদ্যোগ নেই। রেলওয়ের জমি হলেও তা বেদখল হয়ে আছে। স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, বধ্যভূমির জায়গা দখল করে ইমামুজ্জামান চৌধুরী স্থাপনা নির্মাণ করেছেন। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কালুখালী রেলস্টেশনের দক্ষিণ পাশে বধ্যভূমিটির বেশির ভাগ স্থান বেদখল হয়ে আছে। স্মৃতিস্তম্ভের কাজ শেষ হয়নি। এতে কোনো নামফলকও নেই। স্তম্ভের পাশে বড়ে (গোবরের লাঠি) শুকাতে দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি খড়ের গাদা রয়েছে। বধ্যভূমির এক পাশে দুটি দোকান ঘর। অন্য পাশে বড় একটি গুদাম। স্মৃতিস্তম্ভের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি সেপটিক ট্যাংক বসানো হয়েছে।
বধ্যভূমির পাশে সোহরাব হোসেনের বাড়ি। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক মানুষের লাশ ফেলা হয়েছিল। বিষয়টি আমরা জানি। কিন্তু সংরক্ষণের উদ্যোগ না থাকায় আমরাই এই জমি দেখাশোনা করি। মাঝেমধ্যে খড় ও লাকড়ি শুকাই।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সার্জেন্ট (অব.) আকামত আলী মণ্ডল বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কালুখালী রেলস্টেশনের ওই স্থানে একটি বড় খাল ছিল। পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা নিরীহ মানুষকে হত্যা করে ওই খালে ফেলত। আমরা দীর্ঘদিন ধরে স্থানটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছি। উপজেলা প্রশাসন ও রেলওয়ের কাছে লিখিত আবেদন জানিয়েছি। কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’
অভিযোগ উঠেছে বধ্যভূমির জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিআট গ্রামের ইমামুজ্জামান চৌধুরী। তাঁর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের নেতা। তিনি প্রথমে বধ্যভূমির পাশে রেলওয়ের জমি ইজারা নিয়েছিলেন। পরে বধ্যভূমিতে দোকান ও গুদাম নির্মাণ করেছেন।
এ সম্পর্কে ইমামুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি বধ্যভূমির জায়গা দখল করিনি। আপনার এ বিষয়ে কোনো কিছু জানার থাকলে আদালতে যোগাযোগ করুন। আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করবেন না।’
ইমামুজ্জামানের চাচা মেজর (অব.) জুলফিকার হোসেন চৌধুরী বলেন, ‘আমি ও আমার সব আত্মীয়স্বজন দোকানঘর উচ্ছেদের জন্য রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।’
রেলওয়ের রাজবাড়ী আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান আলী বলেন, ইমামুজ্জামান চৌধুরীর ইজারা বাতিল করার জন্য জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে শিগগির পদক্ষেপ নেওয়া হবে।