বধ্যভূমিতে ভোজের আয়োজন!
বধ্যভূমির দেয়ালে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। আর বেদির ওপর চলছে ভোজের আয়োজন। আলু-পেঁয়াজ কাটা হচ্ছে। রান্নার বিভিন্ন সরঞ্জাম বেদির ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা। জুতা পায়ে বেদিতে ওঠা-নামা করছেন রান্নার উপকরণ তৈরির কাজে নিয়োজিত কর্মীরা। বেদির পেছনে দুটি চুলা বানানো হয়েছে। বড় দুটি হাঁড়িতে রান্নার তদারকিতে ব্যস্ত বাবুর্চি। গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমির অবস্থা ছিল এমনই।
ভোজের আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দা মো. আলী। তিনি নিজেকে পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য হিসেবে পরিচয় দেন। লোহার পুরোনো যন্ত্রাংশের ব্যবসা করেন। প্রায় ৭০০ জনের ভোজের ব্যবস্থা করেছেন তিনি। প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে বধ্যভূমির বিপরীতে টিভি ভবনের কাছে অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ পাওয়া যায়। লাশটি বধ্যভূমির পাশে খালি জায়গায় দাফন করা হয়। নিহত ওই শিশুর আত্মার শান্তি কামনা করে ভোজের আয়োজন করেছেন তিনি। সঙ্গে শহীদদেরও স্মরণ করবেন।
বেদির ওপর কেন কাটাকুটি করা হচ্ছে জানতে চাইলে মো. আলী বলেন, ‘এটা ভুল হয়ে গেছে। আমি বেদির নিচে খালি জায়গায় খাওয়ানোর ব্যবস্থা করব।’
পাহাড়তলী বধ্যভূমিটির তত্ত্বাবধানের দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের। প্রতিবছর ডিসেম্বর মাস এলেই বধ্যভূমি পরিষ্কার করার কাজে মনোযোগী হয় করপোরেশন। দেয়ালে নতুন করে রং করা হয়।
জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিবছরই রং করি। এবারও করছি। তবে ওখানে যে খাওয়াদাওয়ার আয়োজন হচ্ছিল তা জানা ছিল না। আমি বিষয়টি দেখে ব্যবস্থা নেব।’
সঠিক জায়গায় বধ্যভূমি সংরক্ষণে উদ্যোগ নেই: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের দুই বছর পরও এখনো পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অযত্ন-অবহেলায় পড়ে আছে এই বধ্যভূমি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাহাড়তলীর এই জল্লাদখানায় অন্তত পাঁচ হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হয়।
পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণে আটজন বিশিষ্ট নাগরিকের করা একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৪ সালে বধ্যভূমিটি সঠিক স্থানে সংরক্ষণের আদেশ দেন। ‘প্রজন্ম ৭১’ নামের একটি সংগঠন এবং একাত্তরের শহীদ পরিবারগুলো বারবার আদালতের আদেশ বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি করে আসছে। কিন্তু অগ্রগতি নেই।
এ বিষয়ে প্রজন্ম-৭১-এর সভাপতি অধ্যাপক গাজী সালেহউদ্দিন প্রথম আলোকে বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও এখনো বধ্যভূমি সংরক্ষণের জন্য মামলা করতে হয়। রাজনৈতিক ইচ্ছা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে রায় পাওয়ার পরও সঠিক স্থানে পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।
এই বধ্যভূমিতে ১৯৭১ সালে গাজী সালেহউদ্দিনের বাবাসহ পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছিল।
গাজী সালেহউদ্দিন বলেন, বিএনপির আমলে এই বধ্যভূমিটি করা হয়। কিন্তু একাত্তরে এটি ছিল ছড়া। এর পাশে যেখানে ইউএসটিসি ভবন করেছে, সেটি ছিল মূল বধ্যভূমি। সঠিক স্থানে বধ্যভূমিটি সংরক্ষণের জন্য ২ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়। কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, যেখানে মূল বধ্যভূমি, সেখানে চারতলা পরিত্যক্ত একটি ভবন রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের জন্য এ ভবন নির্মাণ করেছিল। আদালতের আদেশে এই ভবনটি উচ্ছেদ করে বধ্যভূমি সংরক্ষণ করতে বলা হয়েছে।
প্রজন্ম ৭১-এর সংগঠকেরা জানান, বধ্যভূমিটি সংরক্ষণের জন্য তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌনে দুই একর জমি অধিগ্রহণ করে বধ্যভূমিটি সংরক্ষণের নির্দেশ দেন। এ জন্য ৯৪ লাখ টাকাও বরাদ্দ দেওয়া হয়। পরে বিএনপি-জামায়াত জোট সরকার এসে প্রকল্প বাতিল করে টাকা ফিরিয়ে নেয়। ওই জমিটি কিনে নিয়ে ইউএসটিসি কর্তৃপক্ষ সেখানে ভবন নির্মাণ শুরু করেছিল। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুহম্মদ জাফর ইকবাল, মুনতাসীর মামুন, মিলি রহমান, গাজী সালেহউদ্দিনসহ আটজন বিশিষ্ট নাগরিক প্রথমে হাইকোর্টে রিট করেন। পরে আবেদনকারীরা আপিল বিভাগে যান। আপিল বিভাগ ওই জমিতে বধ্যভূমি রয়েছে কি না, তা জানতে কমিটি গঠন করে দিয়েছিলেন। সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহর নেতৃত্বাধীন ওই কমিটি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদন পাওয়ার পর এবং সাক্ষীদের সাক্ষ্য বিবেচনা করে সঠিক স্থানে বধ্যভূমি সংরক্ষণের নির্দেশ দেন আপিল বিভাগ।