
ইটের তৈরি ভাঙাচোরা স্তম্ভটির পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ। স্তম্ভটি দেখে বোঝার উপায় নেই যে শেষ কবে রং করা হয়েছে। কেউ একজন এর ওপরে তোশক শুকাতে দিয়েছেন। তোশকটি তুলে দেখা গেল, স্তম্ভের নামফলকের জায়গা ফাঁকা, ফলকটি তুলে ফেলা হয়েছে।
স্তম্ভটি আছে মিরপুর ১ নম্বর সেকশনের রাইনখোলার নিউ সি-ব্লকে। এটি বানানো হয়েছিল রাইনখোলা বধ্যভূমিতে নিহত ব্যক্তিদের স্মরণে। স্তম্ভটির মতোই বেহাল অবস্থা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পুরো রাইনখোলা বধ্যভূমির। আর কালের সাক্ষী বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নিশ্চিহ্নপ্রায়।
মুক্তিযুদ্ধের সময় রাজধানীর মিরপুর পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির হিসাবে, ঢাকায় বধ্যভূমি আছে ৭০টি, যার মধ্যে ২৩টি আছে মিরপুরে। নিরীহ বাঙালি নারী-পুরুষ ও শিশুদের ধরে এনে নৃশংসভাবে হত্যা করা হতো মিরপুরের বধ্যভূমিগুলোতে। এ থেকে বাদ যাননি দেশের স্বনামধন্য বুদ্ধিজীবীরাও।
মিরপুরের রাইনখোলা বধ্যভূমি ১৯৭১ সালে ছিল একটি পয়োবর্জ্য জমার জায়গা (স্যুয়ারেজ রিজার্ভার) ও ছোট পাম্পহাউস। এখানেই ফেলা হতো লাশ। একটি উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে রাইনখোলা এলাকার বধ্যভূমিটির পুনঃসন্ধান পাওয়া যায়। পাম্পহাউসটি ভেঙে ফেলা হলে তার নিচে পয়োবর্জ্য জমার জায়গার ভেতরে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। উদ্ধার করা হয় কয়েক শ মাথার খুলি, হাড়গোড়, গুলির খোসা, জুতা, চশমা, হাতের বালা, চুল ও কঙ্কাল।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের উত্তর-পশ্চিম পাশে অবস্থিত রাইনখোলা বধ্যভূমিতে নিহত ব্যক্তিদের স্মরণে বানানো একটি স্তম্ভ আছে। জায়গায় জায়গায় স্তম্ভটির ইট খসে গেছে। একটি পরিবার তার ওপরে তোশক শুকাতে দিয়েছে। স্তম্ভের পাশেই ময়লা-আবর্জনা। বাসাবাড়ির পরিত্যক্ত ও ভাঙা ইট, সুরকিও আছে।
এলাকার কারও বিয়ে উপলক্ষে বধ্যভূমির জায়গায় চলছে শামিয়ানা টানানোর কাজ। স্তম্ভটির আরেক পাশে বসে একজন নারী কাঁথা সেলাই করছিলেন। বধ্যভূমির একদিকে চৌকি পেতে বসানো হয়েছে দোকান।
স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদি বলেন, এই জায়গায় মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে বাঙালি নিধনযজ্ঞ চলেছে। অথচ এলাকার কেউ কেউ এখানে ময়লা ফেলছেন। বধ্যভূমিটি সংরক্ষণে সরকারের কোনো উদ্যোগ চোখে পড়ে না।
রাইনখোলা এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মো. কাজী টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতার এমন একটি স্মৃতিচিহ্ন নষ্ট করতে কারও বিবেকে বাধছে না। আমি নিজে একাধিকবার গিয়ে ওই এলাকার লোকজনকে ময়লা ফেলতে নিষেধ করেছি।’
মিরপুরের বধ্যভূমিগুলোর জল্লাদখানা বধ্যভূমি ছাড়া কোনোটিই সংরক্ষিত হয়নি। এটি সংরক্ষিত করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, বধ্যভূমিগুলো নানাভাবে বেদখল হয়ে গেছে। অথচ আদালতের রায়ে বলা আছে, বধ্যভূমিগুলো সংরক্ষণ করতে হবে। পরবর্তী প্রজন্ম যাতে ইতিহাস জানতে পারে, সে জন্য বধ্যভূমিগুলো চিহ্নিত করা এবং সেগুলোতে ফলক লাগানোর ব্যবস্থা করা জরুরি।