বধ্যভূমির প্রাচীর ভাঙার এই শাস্তি?
ময়মনসিংহ শহরের থানা ঘাট এলাকায় গত মঙ্গলবার এক ব্যক্তি বধ্যভূমির সীমানাপ্রাচীর ও উদ্বোধনী ফলক ভেঙে ফেলেছেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাঁকে ভাঙা অংশ পুনর্নির্মাণ করে দিতে বলেছেন। তাঁর বিরুদ্ধে অন্য ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
দোষী ব্যক্তির নাম রতন। তাঁর বাড়ি শহরের কালীবাড়ি এলাকায়। তিনি বধ্যভূমিটির প্রাচীর নির্মাণের ঠিকাদার ছিলেন। গতকাল তিনি শ্রমিক দিয়ে ভাঙা অংশ পুনর্নির্মাণের কাজ শুরু করেছেন। এ বিষয়ে কথা বলার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘রতন এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। আপাতত তাঁকে ফলক ও সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ করে দেওয়ার কথা বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সেটা আমরা পরে ঠিক করব।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বধ্যভূমির প্রাচীর নির্মাণের সময় এর পাশে রতন অবৈধভাবে দুটি ঘর তৈরি করেন। প্রায় দুই বছর তিনি ঘর দুটি ভাড়া দেন। গত ডিসেম্বরে জেলা প্রশাসন ঘর দুটি ভেঙে দেয়। এ কারণে রতনের ক্ষোভ ছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে রতন ট্রাক নিয়ে বধ্যভূমির কাছে যান। তিনি একটি মোটা দড়ির এক প্রান্ত প্রাচীর ও অন্য প্রান্ত ট্রাকের সঙ্গে বাঁধেন। পরে ট্রাক চালিয়ে টান দেওয়ায় প্রাচীরটি প্রায় পাঁচ ফুট অংশ ধসে পড়ে। এ সময় বধ্যভূমির উদ্বোধনী ফলকও ধসে পড়ে। রতন ধসে পড়া প্রাচীর ও ফলকের ইট ট্রাকে করে নিয়ে যেতে উদ্যত হন। এ সময় এলাকার নারী ও পুরুষেরা বাধা দেন। নতুন করে প্রাচীর ও ফলক নির্মাণের জন্য কর্তৃপক্ষের নির্দেশে সেগুলো নিয়ে যাচ্ছেন বলে তাঁদের জানান রতন। রতনের কথা বিশ্বাস না করে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পুলিশ এসে রতনের ট্রাকটি জব্দ করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, জব্দ করা ট্রাকটি আজও (গতকাল) থানায় আছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
গতকাল বেলা দেড়টার দিকে বধ্যভূমিতে গিয়ে দেখা যায়, দুজন শ্রমিক ফলকটি পুনর্নির্মাণের কাজ করছেন। এ সময় হারুন নামের একজন শ্রমিক বলেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের কথায় তাঁরা ফলক ও প্রাচীরের অংশ পুনর্নির্মাণ করতে এসেছেন।
বধ্যভূমির সীমানাপ্রাচীর ও ফলক ভাঙার ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান।
নাম প্রকাশ না করার শর্তে একজন মুক্তিযোদ্ধা বলেন, বধ্যভূমির সীমানাপ্রাচীর ও ফলক ভাঙার ঘটনায় দোষী ব্যক্তিকে আইনের আওতায় না নিয়ে তা পুনর্নির্মাণের কথা বলা মোটেও উচিত হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মহসীন উদ্দিন প্রথম আলোকে বলেন, বধ্যভূমির সীমানাপ্রাচীর ও ফলক ভাঙা অবশ্যই অপরাধ। দোষী ব্যক্তিকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।