বন আইন সংশোধন ও বন্য প্রাণী সংরক্ষণ আইন নিয়ে আলোচনার দাবি
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে, ১৯২৭ সালের বন আইনের প্রস্তাবিত সংশোধনী ও প্রস্তাবিত বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১০ জাতীয় সংসদে পাস করা হলে বন বিভাগ জমিদারি প্রথার জমিদারদের মতো ক্ষমতাশালী হয়ে উঠবে। তাই এ দুটি আইন সংসদে তোলার আগে আদিবাসী, বনবাসী ও বননির্ভর জনগোষ্ঠীগুলো এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনার দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাঙামাটি শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক ও কাপেং ফাউন্ডেশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে একই দাবিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বরাবর রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের মহাসচিব সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা। প্রস্তাবিত আইন দুটির জনস্বার্থ ও নাগরিক অধিকারবিরোধী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি সুকুমার দেওয়ান, নারী অধিকার কর্মী আইনজীবী সুস্মিতা চাকমা এবং ব্লাস্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন কাপেং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উদ্ভাষণ চাকমা, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সদস্য স্বদেশপ্রীতি চাকমা প্রমুখ।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ভূমি ও বননির্ভর জীবিকার উর্যাস থেকে ক্রমাগত উচ্ছেদ হওয়ার কারণে বাংলাদেশের আদিবাসী ও বনবাসী মানুষের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত আদিবাসী ও বননির্ভর জনগোষ্ঠীর জীবন-জীবিকা বনজ দ্রব্য, উদ্ভিদ ও প্রাণিকুলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। বন আইনের প্রস্তাবিত সংশোধনী ও বন্য প্রাণী সংরক্ষণ আইনের খসড়া যেভাবে তৈরি করা হয়েছে, সেভাবে সংসদে পাস করা হলে এসব জনগোষ্ঠীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখানে কর্তৃপক্ষকে আইন প্রয়োগের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা নিয়েও আপত্তি জানানো হয়েছে।