বন ইনস্টিটিউটে রাবার গবেষণার জন্য শাখা খোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘রাবার রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলা সময়সাপেক্ষ ব্যাপার এবং এতে প্রচুর আর্থিক ব্যয়ের প্রয়োজন। বর্তমানে আমরা চট্টগ্রাম বন গবেষণাগার ইনস্টিটিউটে রাবার গবেষণার জন্য একটি শাখা খোলার ঘোষণা দিচ্ছি। এখানেই রাবার উৎপাদন বাড়ানো এবং এর নতুন নতুন প্রজাতি নিয়ে গবেষণা করার সুযোগ থাকবে।’

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় বাংলাদেশ রাবার বোর্ডের সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবার বোর্ডের চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া।

স্বাগত বক্তব্য দেন রাবার প্ল্যান্টার ছলিমুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাবার বাগান মালিক সমিতির সভাপতি মির্জা আনোয়ার হোসেন, রাবার শিল্প মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী হাছান মাহমুদ চট্টগ্রামে রাবার বোর্ড গঠনের তাৎপর্য তুলে ধরে বলেন, রাবার বোর্ড গঠন এবং চট্টগ্রামে এর সদর দপ্তর গড়ে তোলার কাজ সহজ ছিল না। সরকারের মধ্যেও এ নিয়ে অনেকের বিরোধিতা ছিল। কিন্তু যেখানে চট্টগ্রামেই দেশের ৮০ শতাংশ রাবার চাষ হয়, সেখানেই রাবার বোর্ড স্থাপনের যৌক্তিকতা রয়েছে।