বন উজাড়, চলছে ‘বসতি বাণিজ্য’
বরগুনার আমতলী উপজেলার তালতলীতে বন বিভাগের লোকজনের যোগসাজশে সংরক্ষিত বনের গাছ উজাড় করছে বনদস্যুরা। সাগর ও বনের ভেতর দিয়ে প্রবাহিত খালগুলোতে চিংড়ির রেণু শিকারি জেলেদের টাকার বিনিময়ে বনরক্ষীরা ‘বসতি’ তৈরি করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বন বিভাগের তালতলী রেঞ্জের কর্মকর্তা আবু ওবায়দুল্লাহ জানান, আমতলী উপজেলার তালতলী থানা এলাকার টেংরাগিরি বিটের নিশানবাড়িয়া থেকে সকিনা পর্যন্ত এই সংরক্ষিত বনের আয়তন ১০ হাজার হেক্টর। এখানে প্রাকৃতিক ও বন বিভাগের লাগানো গাছ রয়েছে কয়েক লাখ। উল্লিখিত গাছের মধ্যে রয়েছে কেওড়া, বাইন, গড়ান ও সুন্দরী।সরেজমিনে দেখা গেছে, বনরক্ষীদের যোগসাজশে বনদস্যুরা বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়ে যাচ্ছে নিয়মিত। জঙ্গল ও সৈকতে কেটে নেওয়া প্রচুর গাছের গুঁড়ি দেখা গেছে। অনেক কাটা গাছের গুঁড়িতে করাত কিংবা কুড়ালের চিহ্ন নষ্ট করতে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, বরগুনার পাথরঘাটা থেকে মাঝেমধ্যে ট্রলারে করে কিছুসংখ্যক বনদস্যু এসে গাছ কেটে নিয়ে যায়। সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল থাকার নিয়ম না থাকলেও এই বনের দুই কিলোমিটারের মধ্যে লাউপাড়ায় একটি, তিন কিলোমিটারের মধ্যে জয়ালভাঙ্গায় একটি ও ছয় কিলোমিটারের মধ্যে তালতলীতে চার-পাঁচটি করাতকল রয়েছে। এসব কলে বনের গাছগুলো কেটে পাচার করা হয়। এ ছাড়া তালতলীর পাশে কয়েকটি ইটভাটায় এই বনের গাছ পোড়ানো হয়।জেলেরা জানান, জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস পর্যন্ত ছয় শতাধিক জেলে মশারির জাল দিয়ে সাগরপাড়ের নিশানবাড়িয়া থেকে গৈয়ামতলা পর্যন্ত বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকার করেন। এ সময় তাঁরা এসব ছাপরাঘরে বাস করেন। দুই শতাধিক জেলে সংরক্ষিত বনের মধ্যে অস্থায়ী ছাপরাঘর করে পরিবার নিয়ে বসবাস করেন।স্ত্রী কুলসুমকে নিয়ে ছাপরাঘর তৈরি করছিলেন নিদ্রারচর গ্রামের জেলে সোহরাব (৩৫)। তিনি জানান, ছাপরাঘরের জায়গার জন্য বনরক্ষীদের ঘরপ্রতি এক হাজার টাকা করে দিতে হয়। তিনি প্রথম কিস্তিতে ৮০০ টাকা পরিশোধ করেছেন। বাকি টাকা শিগগিরই পরিশোধের জন্য বনরক্ষীরা তাঁকে তাগাদা দিয়েছেন।নাম প্রকাশ না করে এক জেলে বলেন, ‘তালতলীর ফরেস্টার স্যাররা জায়গার ভাড়া ঠিক কইরা দিছে। বিট অফিসার জলিল মিয়া আইসা এই টাকা তুইল্যা নেয়।’ সাগরপাড়ে বাগদা রেণু ধরার সময় গোলেজান বিবি (৫২) বলেন, ‘যারা খালি মাছ ধরি, জঙ্গলে থাকি না, হ্যারা কম পয়সা দিয়া সারতে পারে। সিজনে ২০০ থেইক্যা ৩০০ টাকা দেওয়া লাগে। টাকা না দেলে জলিল স্যারে জঙ্গলের গাছ চোর কইয়া ধইরা লইয়া যাইবে কইছে।’জেলেদের অভিযোগ, বন বিভাগের লোকজন টাকা নিলেও সেই টাকার কোনো রসিদ দেন না। গত বছর ছাপরাঘর তৈরির টাকা পরিশোধের রসিদ চাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিট কর্মকর্তা চার-পাঁচজন জেলের ঘর ভেঙে দিয়েছিলেন।এ ব্যাপারে বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংরক্ষিত বনের মধ্যে যেকোনো ধরনের বসতি সম্পূর্ণ অবৈধ। বসতি বাবদ জেলেদের কাছ থেকে কেউ অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাছ কাটা ও গুঁড়ি পোড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘ব্যাপারটি আমার জানা নেই। তবে জোয়ারের সময় লোনাপানিতে ভেজা গাছের গুঁড়ি পোড়া দেখতে কাঠের মতো হতে পারে।’