বন উজাড় করে অবৈধ জালে মাছ ধরছেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বর্গকিলোমিটার ডুবোচর ঘিরে পাতা হয় একেকটি জাল। জালের প্রান্তভাগ আটকে রাখতে কয়েক গজ দূরে দূরে পোঁতা হয় খুঁটি। এমন তিন-চার হাজার খুঁটি লাগে একটি জাল পাততে। খুঁটি বানাতে ছোট ছোট কেওড়াগাছ কেটে আনা হয় উপকূলীয় বন থেকে। জালটির স্থানীয় নাম ‘খরছি’। এই জাল পাততে ৩০ থেকে ৫০ জনের মতো লোক লাগে। জোয়ারের সময় এ জালে উঠে আসে জাটকা ও রেণু-পোনাসহ অসংখ্য মাছ।ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনার ডুবোচর দখল করে এমন ২০টি খরছি জাল পাতার খবর পাওয়া গেছে। এসব জালের মালিক ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা-কর্মী। তাঁদের বিরুদ্ধে রাতের আঁধারে বনের গাছ কেটে নেওয়া ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ উঠেছে। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক প্রথম আলোকে বলেন, ‘এ পদ্ধতিতে মৎস্য শিকার সম্পূর্ণ অবৈধ। কারণ মাছের গতিরোধ করা অবৈধ।’গত সোমবার ইঞ্জিন নৌকায় ঘুরে দেখা গেছে, মেঘনার ২০টি ডুবোচর দখল করে খরছি জাল পাতা হয়েছে। ভাটার সময় জাল নামানো থাকে। জোয়ারে জাল তুলে খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়। ভাটার পানি নেমে চর পড়লে জালের মধ্যে আটকা পড়ে জাটকা ও রেণু-পোনাসহ নানা জাতের মাছ। এক একবারে দেড় থেকে দুই লাখ টাকার মাছ জালে ওঠে। দিনে দুইবার এ পদ্ধতিতে মাছ শিকার চলছে। যেসব ডুবোচরে খরছি জাল পাতা হচ্ছে সেগুলো চর জহিরুদ্দিন, চর নাসরিন, কলাতলির চর, তেলিয়ার চর, বাসনভাঙ্গার চর, চর মোজাম্মেলের আশপাশে অবস্থিত। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল্যাহ কিরন ও অর্থবিষয়ক সম্পাদক আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য নাসিম হাওলাদার, ছাত্রলীগের সহসভাপতি মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আমিন মহাজন, আওয়ামী লীগের কর্মী মো. বেল্লাল, জসিম উদ্দিন, কবির, মোসলেহউদ্দিন মেম্বার খরছি জালের মালিক। তাঁদের কারও কারও একাধিক জাল রয়েছে। ক্ষমতাসীন এসব মৎস্য ব্যবসায়ীর নেতৃত্ব দিচ্ছেন জাহাঙ্গীর আলম ও নাসিম হাওলাদার। জেলেরা জানান, একটি খরছি জাল পাততে তিন-চার হাজার কেওড়াগাছ লাগে। যা রাতের আঁধারে চর জহিরুদ্দিন ও চর মোজাম্মেলের সরকারি বন থেকে কেটে আনা হয়। একটি খরছি জালের দাম পাঁচ-ছয় লাখ টাকা। জেলেরা অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিরা একদিকে অবৈধ জাল পেতে মৎস্যসম্পদ ধ্বংস করছে। অন্যদিকে বন উজাড় করে পরিবেশ নষ্ট করছে।আওয়ামী লীগের নেতা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার এই জাল পাইত্তো নিষোদ করে। কিন্তুক আমরা চুরি-চামারি করি পাতি। না পাইতলে খামু কী?’ নাসিম হাওলাদার দাবি করেন, এই জাল পাতা বৈধ। ভোলা জেলা বন কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘স্থানীয় প্রভাবশালী নেতারা গত কয়েক বছর রাতের আঁধারে বন থেকে হাজার হাজার গাছ কাটছে। যারা গাছ কাটে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারি। কিন্তু যারা কাটাচ্ছে তাদের ধরতে পারছি না।’ বিষয়টি তিনি মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলেছিলেন। বন উজাড় ও মৎস্যসম্পদ ধ্বংস বন্ধে কোস্টগার্ড ও পুলিশ সহায়তার আশ্বাস দিয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, ‘আমরা প্রশাসনের সহায়তায় খরছি জাল বন্ধে অনেক পদক্ষেপ নিয়েছি। কিন্তু বন্ধ করতে পারছি না।’ তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান ও তজুমদ্দিন কোস্টগার্ডের পেটি অফিসার মো. গাজীউর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা অভিযান চালাচ্ছেন। কিন্তু জাল পাচ্ছেন না।