বন উজাড় করে বসত ঘর জ্বালানি সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে গাছ চুরি ও বসতি স্থাপন করায় বরগুনার পাথরঘাটা উপজেলার সংরক্ষিত বন ও উপকূলীয় সবুজ বেষ্টনী হুমকির মুখে পড়েছে। একইভাবে অবাধে সবুজ বেষ্টনীর গাছ কেটে নেওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।পরিবেশ বিশেষজ্ঞরা জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ থেকে উপকূলীয় এলাকার বনে লাগানো গাছপালা এলাকার জানমালের সুরক্ষা দিয়েছে। এভাবে গাছ চুরি হওয়ার ঘটনা ঘটতে থাকলে অচিরেই বনাঞ্চল নিশ্চিহ্ন হয়ে যাবে।সরেজমিন দেখা গেছে, পাথরঘাটার বিষখালী নদীর তীরে শুঁটকিপল্লিসংলগ্ন নতুন খাল থেকে দক্ষিণ দিকে পোতাভাঙা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে সংরক্ষিত বনের মধ্যে ৬০০ ভূমিহীন পরিবার ঘর তুলে বসবাস করছে।একই সঙ্গে হরিণঘাটা সংরক্ষিত বন থেকে পূর্ব দিক জিনতলা হয়ে উত্তর দিকে চরলাঠিমারা পর্যন্ত দুই কিলোমিটার, বলেশ্বরের তীরের গাব্বাড়িয়া আবাসন প্রকল্প থেকে হাজিরখাল হয়ে রুহিতা পর্যন্ত দুই কিলোমিটার ও আশপাশ এলাকায়ও বসবাস করছে আরও প্রায় দুই হাজার পরিবার। এসব পরিবারের সদস্যরা ছোট নৌকায় মাছ ধরার পাশাপাশি বন থেকে গাছ কেটে জীবিকা নির্বাহ করে। এ ছাড়া সংঘবদ্ধ কাঠ পাচারকারীরা সংরক্ষিত বন থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গাছ কেটে নিয়ে যাচ্ছে। পাথরঘাটার জিয়া মাঠসংলগ্ন বনের মধ্যে টং ঘর তুলে বাস করেন আ. মালেক। তিনি বলেন, ‘জমিজমা নাই বইল্লা কাজের সন্ধানে পাথরঘাটা শহরে আইছি। কিন্তু থাকমু কই, তাই বনের সরকারি জাগায় ঘর তুলছি।’স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটায় কাঠকয়লা তৈরির জন্য ১৭টি কয়লা কারখানা এবং ইট পোড়ানোর জন্য কমপক্ষে ৫০টি ইটভাটা ও পাঁজা রয়েছে। এসব ইটভাটায় প্রতিদিন হাজার হাজার টন কাঠ পোড়ানো হচ্ছে। পাথরঘাটার সংরক্ষিত ও সৃজিত বন থেকে এসব কাঠ সংগ্রহ করা হচ্ছে। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ খান বলেন, ‘বাঁধের ওপর বসবাসকারী ভূমিহীনেরা আস্তে আস্তে সংরক্ষিত বনের মধ্যে ঢুকে বসতি গড়ে। এতে অনেক সময় তাঁদের কিছুই করার থাকে না।’ তবে দেদার গাছ পাচারের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘ছোটখাটো বেশ কিছু ঘটনা আছে, সেসব দিকে নজর রাখা হচ্ছে এবং ধরা পড়লে কাউকেই ছাড় দেওয়া হবে না।’পটুয়াখালীর বাউফলের চর রায়সাহেব বেড়িবাঁধের চর মিয়াজান-বউবাজার অংশের সবুজ বেষ্টনীর গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধ ও বৃহস্পতিবার প্রভাবশালীরা ১৬টি গাছ কেটে নিয়েছেন। গত দুই মাসে শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে।উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই চর এলাকার বেড়িবাঁধের ২১ কিলোমিটারে বনায়ন করা হয়েছে। এখানে দুই দফায় ২১ হাজার চারা লাগানো হয়েছিল।বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, চর মিয়াজান-বউবাজার বেড়িবাঁধে কয়েক হাজার ফলদ ও বনজ গাছ। চরের সবুজ বেষ্টনীর বিভিন্ন অংশে দেখা যায়, বড় বড় গাছ কেটে নেওয়া হয়েছে। পড়ে আছে শতাধিক গাছের গুঁড়ি।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, বুধ ও বৃহস্পতিবার স্থানীয় আলমগীর মাতব্বর, মফিজ প্যাদা, মজিবুল হক হাওলাদার ও শাহজাহান চৌকিদারের নেতৃত্বে চর মিয়াজান বাজার থেকে বউবাজার পর্যন্ত সড়কের দুই পাশ থেকে ১৬টি রেইনট্রি ও পায়রাগাছ কেটে নেওয়া হয়েছে।গাছ কাটার সঙ্গে জড়িত শাহজাহান চৌকিদারসহ কয়েকজন জানান, বেড়িবাঁধ তাঁদের রেকর্ডীয় সম্পত্তির ওপরে করা হয়েছে। এ ছাড়া ওই বাঁধের ওপরের গাছ তাঁরাই লাগিয়েছেন। তাই তাঁরা গাছ কেটে নিচ্ছেন। উপজেলা বন কর্মকর্তা মো. চান মিয়া জানান, তিনি কিছুদিন আগে বাউফলে যোগ দিয়েছেন। গাছ কাটার ব্যাপারে তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বরগুনা এবং পাথরঘাটা ও বাউফল সংবাদদাতা