বন উজাড় করে সড়ক হবেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত বনের পাথর ও গাছ নিধন এবং টিলা কেটে কক্সবাজারের টেকনাফ-শামলাপুর সড়কের নির্মাণকাজ অব্যাহত রেখেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট ঠিকাদার। উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেও কোনো কাজ হচ্ছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজপুরা এলাকার গর্জনবাগানের মধ্য দিয়ে ২০০৭-০৮ অর্থবছরে টেকনাফ-শামলাপুর ৩১ দশমিক ৫ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু করে এলজিইডি। এতে অর্থায়ন করে দাতা সংস্থা জাইকা। কোনো নকশা ছাড়াই কাজ করায় বাধা দেয় বন বিভাগ, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আর নির্মাণকাজে ব্যবহার করা হয় পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলের পাথর ও টিলার মাটি। এতে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় লোকজনকে দাদন দিতে শুরু করে। ৫ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোকনকান্তি সাহা সড়ক নির্মাণে স্থানীয় নিম্নমানের পাথর ব্যবহারের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।বন বিভাগ সূত্রে জানা গেছে, গর্জনবাগানের মধ্য দিয়ে সড়ক নির্মাণ করায় কক্সবাজার বন আদালতে এলজিইডির প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ মার্চ তিনটি মামলা করেন শীলখালী বিট কর্মকর্তা মো. মহসিন হোসেন। এতে অভিযোগ করা হয়, এলজিইডির প্রকৌশলী আমিন উল্লাহ, সহকারী প্রকৌশলী (এসও) এজাজুল ইসলাম ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আতিকুল ইসলাম ও হাবিবুর রহমান অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখল করে সড়ক নির্মাণ করছেন। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক কাজী নুরুল করিম বলেন, বন বিভাগের জমির ওপর দিয়ে অনুমোদনবিহীন সড়ক নির্মাণ অব্যাহত রাখায় তাঁরা আইনের আশ্রয় নিয়েছেন।এ প্রসঙ্গে আমিন উল্লাহ দাবি করেন, সিলেট এবং লামা ও আলীকদম এলাকা থেকে পাথর এনে সড়কের কাজ করা হচ্ছে। নিম্নমানের পাথর ব্যবহারের কথাও তিনি অস্বীকার করেন।