বন উজাড় লোকালয়ে হাতি
নানা প্রয়োজনে পাহাড়ি বনের গাছপালা উজাড় করছে মানুষ। একই সঙ্গে তারা পাহাড়ি জমিতে বসতি স্থাপন করছে। এতে হাতিসহ অন্যান্য প্রাণীর বিচরণক্ষেত্র ধ্বংস হচ্ছে। পাশাপাশি বনে এসব প্রাণীর খাদ্য-সংকটের সৃষ্টি হচ্ছে। এ কারণে খাবারের সন্ধানে বন্য হাতির পাল লোকালয়ে ছুটে আসছে। বন্য হাতির তাণ্ডবে মরছে মানুষ, নষ্ট হচ্ছে খেতের ফসল। হাতির পাল প্রতিবছর কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় এসে কোটি টাকার ধান ও অন্যান্য ফসল খেয়ে ফেলছে।এলাকাবাসী জানান, প্রতিবছর আমন, আউশ ও বোরো মৌসুমে ধান পাকলে হাতির পাল এসব এলাকায় হানা দেয়। এমনকি গোলায় ভরা ধান খাওয়ার জন্য এরা কৃষকের বসতঘর ভেঙে ফেলে। উপজেলার চৌকিদারপাড়া, চাকমাপাড়া, শামলাপুর ও মারিষবনিয়া গ্রামে ২৩ সেপ্টেম্বর রাতে হাতির পাল কৃষক ফজর রহমান, আমিন উল্লাহ, মো. শাকের ও শামসুল আলমের বসতঘরে হানা দেয়। এ সময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারিষবনিয়া গ্রামের শামসুল আলমের ছয় মাসের মেয়ে মারা যায় এবং তাঁর স্ত্রী মদিনা খাতুন আহত হন।উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কর্মকর্তা শেখ জামাল উদ্দিন জানান, উপজেলার পৌরসভা, বাহারছড়া, হ্নীলা, টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়নের প্রায় তিন হাজার একর জমি ও পাহাড়ে জুম চাষ হয়। প্রতিবছর প্রায় ৫০০ একর জমির ধান ও অন্যান্য ফসল হাতি খেয়ে ফেলে। ওই পরিমাণ জমিতে ৮০০ মেট্রিক টনের বেশি ধান উৎপাদন হয়, যার দাম এক কোটি ৬০ লাখ টাকা (প্রতি কেজি ধান ২০ টাকা দরে)। এভাবে প্রতিবছর এক কোটি টাকার বেশি ফসলের ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের টেকনাফ কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, পাহাড়ের বন থেকে গাছ উজাড় করায় এবং এখানে বসতি স্থাপনে হাতির বিচরণক্ষেত্র ও আবাসস্থল ধ্বংস হচ্ছে। একই কারণে বন্য প্রাণীদের খাবারের সংকট সৃষ্টি হচ্ছে। এতে হাতির পাল খাবারের জন্য লোকালয়ে হানা দিয়ে ধ্বংসষজ্ঞ চালাচ্ছে।