বন ও সৈকতের পাথর তুলে তৈরি হচ্ছে সিসি ব্লক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার সংরক্ষিত বন ও সমুদ্রসৈকত থেকে পাথর তুলে তৈরি করা হচ্ছে সিসি ব্লক। সিলেটি পাথর দিয়ে এই ব্লক নির্মাণের কথা থাকলেও পাউবোর নিয়োগ করা ঠিকাদার ব্যবহার নিষিদ্ধ পাথর তুলেই ব্লক নির্মাণের কাজ চালাচ্ছেন। ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি সিসি ব্লক তৈরি করা হয়েছে।পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘সিসি ব্লক নির্মাণে স্থানীয় পাথর ব্যবহারের নিয়ম নেই। উত্তোলন নিষিদ্ধ পাথর ব্যবহারের কোনো নির্দেশও দেওয়া হয়নি। অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীসংলগ্ন ১ দশমিক ৬৯ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এই বাঁধের পাশে ৮৭ হাজার সিসি ব্লক স্থাপনসহ প্রায় ছয় কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পানি উন্নয়ন বোর্ড প্রায় চার কোটি টাকা বরাদ্দ করে। এই কাজ করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী খন্দকার বিডি কনস্ট্রাকশন লিমিটেড। কিন্তু প্রতিষ্ঠানটি সিসি ব্লক তৈরি করছে সংরক্ষিত বন ও সৈকতের পাথর দিয়ে। ইতিমধ্যে তারা ২০ হাজারের বেশি ব্লক বানিয়েছে। সম্প্রতি এক বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়ায় গিয়ে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উত্তোলন নিষিদ্ধ পাথর ও নিম্নমানের বালু মিশিয়ে সিসি ব্লক তৈরি করছেন। এই ব্লক ট্রাকে বোঝাই করে বাঁধে সরবরাহ করা হচ্ছে। এভাবে পাথর উত্তোলন করা হলে পরিবেশের বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।ঠিকাদারের নিয়োগ করা স্থানীয় প্রতিনিধি শাহিনুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা কম দামে পাথর কিনে কাজে লাগাচ্ছেন। এ ব্যাপারে কেউ আপত্তি করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (এমডি) এফ এম কাইয়ুম বলেন, ‘প্রায় ৬০ হাজার ব্লক নির্মাণে স্থানীয় পাথর ও বালু ব্যবহার হচ্ছে সত্যি, আমরা ওপরের নির্দেশে এই কাজ চালাচ্ছি। কারণ সিলেটি পাথর দিয়ে ব্লক তৈরিতে খরচ পড়ে দ্বিগুণ। এলাকার প্রভাবশালী কিছু লোক ব্লক নির্মাণে পাথর ও বালু সরবরাহ করছেন।’জানা গেছে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী, রঙ্গিখালী, সিকদারপাড়া, উলুচামরী, লেচুয়াপ্রাং ও পানখালী; হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী, কাঞ্জরপাড়া, মিনাবাজার ও কম্বনিয়াপাড়া; বাহারছড়া ইউনিয়নের শিলখালী, শামলাপুর ও বড়ডেইল সমুদ্রসৈকত এবং উখিয়া উপজেলার পালংখালী, বালুখালী পাহাড়, সোনাপাড়া, ছেপটখালী ও ইনানী সৈকত থেকে হাজার হাজার ঘনফুট পাথর আহরণ করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরবরাহ করা হচ্ছে।লেচুয়াপ্রাং গ্রামের জালাল আহমদ ও আলী আহমদ; রঙ্গিখালী গ্রামের গুরা মিয়া ও মিজানুর রহমান; উলুচামারী গ্রামের হামিদ হোসেন ও ফরিদ আলম; সিকদারপাড়ার নজরুল ইসলাম ও জামাল সরওয়ার; দরগাহপাড়ার নূর হোসেন, রেজাউল করিম, ফরিদ আলমসহ অন্তত ৪০ ব্যক্তি শত শত শ্রমিক নিয়োগ করে পাথরের ব্যবসা করছেন। পাথর ও বালু সরবরাহকারী রেজাউল করিম, জামাল সরওয়ার, নূর হোসেন ও মিজানুর রহমান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক (ব্যবস্থাপক) কাইয়ুম সাহেব বলেছেন যে সংরক্ষিত বনের পাথর ব্যবহারের জন্য তাঁর সরকারি অনুমতি রয়েছে। তাই তাঁরা (পাথর সরবরাহকারী) লোকজনের কাছ থেকে এই পাথর কিনছেন।পরিবেশ অধিদপ্তর টেকনাফের আঞ্চলিক কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সংরক্ষিত বন ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সমুদ্রসৈকত থেকে মাটি খুঁড়ে পাথর উত্তোলন সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ।কক্সবাজার বন বিভাগের (দক্ষিণ) সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান জানান, লোকবলের সংকটের কারণে তাঁরা পাথর আহরণকারীদের প্রতিরোধ করতে পারছেন না।