বন কর্মকর্তাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিনে বন বিভাগের বিট কর্মকর্তাসহ চার বনকর্মীকে মারধর ও গাছ কাটার অভিযোগে আটক এক শ্রমিককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের চরবেস্টিনের বিট কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, গতকাল বেলা ১১টার দিকে ক্রসড্যাম নির্মাণে নিয়োজিত ঠিকাদার অমল দাসের প্রতিনিধি মো. হাসনাইন এবং আনোয়ার মিয়ার নেতৃত্বে শ্রমিকেরা চরবেস্টিন পুরোনো কেওড়াবাগান এলাকা থেকে বেশ কিছু কেওড়াগাছ কেটে নিয়ে যেতে শুরু করেন। খবর পেয়ে তিনি বনকর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে মো. মিলন নামের এক শ্রমিককে কাটা গাছসহ আটক করে চরমোন্তাজ রেঞ্জ কার্যালয়ের উদ্দেশে রওনা হন। এ সময় মো. হাসনাইন ও আনোয়ার মিয়ার নেতৃত্বে শতাধিক শ্রমিক তাঁদের ওপর হামলা চালান। শ্রমিকেরা তাঁকে এবং বনকর্মী শেখর দাস, জিল্লুর রহমান ও রশিদ সিকদারকে মারধর করে তাঁদের কাছ থেকে মিলনকে ছিনিয়ে নেন। চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা দেবদাস মুখার্জি বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের পর এ ব্যাপারে মামলা করা হবে।’ মো. হাসনাইন বলেন, ‘চরবেস্টিনে আমি কোনো কাজ করাই না। এ ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নেই।’