বন কর্মকর্তার করাতকল বনের পাশেই, অনুমোদনও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোচরা পৌর এলাকায় স্থাপিত বন বিভাগের সহকারী বন সংরক্ষকের করাতকলে চেরাই হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের গাছ। চোরাই কাঠ ব্যবসায়ীরা এ করাতকল থেকে গাছ চেরাই করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পাচার করছেন। করাতকলটির কোনো লাইসেন্সও নেই। দুই বছর ধরে অবৈধভাবে গাছ চেরাই করে পাচার করে এলেও বন বিভাগ লাইসেন্সবিহীন এ করাতকলটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।এলাকাবাসী জানান, উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আবদুল কুদ্দুছ মাস্টারের ছেলে মো. কায়সার ২০০৮ সালের শুরুতে পোমরা হাজীপাড়া সড়কের পূর্বপাশে করাতকলটি স্থাপন করেন। সড়কটির পূর্ব পাশ পৌর এলাকা হলেও পশ্চিম পাশ সংরক্ষিত বনাঞ্চল এলাকা। পূর্ব ও পশ্চিম পাশের মধ্যে ছয় ফুট প্রশস্ত একটি সড়ক। অথচ বন বিভাগের আইনে সংরক্ষিত বনাঞ্চলের চার কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন নিষিদ্ধ। কিন্তু পৌরসভার ক্ষেত্রে এ আইন শিথিলের সুযোগ কাজে লাগিয়ে করাতকলটি স্থাপন করে সংরক্ষিত বনাঞ্চলের সেগুন, গামারি, গর্জন, আকাশমণি ও মেহগনিসহ নানা প্রজাতির গাছ চেরাই করা হচ্ছে। বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী হিসেবে করাতকল স্থাপনে বিধিনিষেধ থাকায় সহকারী বন সংরক্ষক মো. কায়সার তাঁর ছোট ভাই গোফরানের নামে করাতকলটির লাইসেন্সের জন্য আবেদন করেন। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া ও তত্কালীন রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা ইদ্রিছ আলী করাতকলটির লাইসেন্সের জন্য বিভাগীয় বন কর্মকর্তার কাছে সুপারিশ করেন, যা চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।স্থানীয় একাধিক সূত্র জানায়, করাতকলটি বন কর্মকর্তার হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ বা পোমরা বিট কার্যালয়ের কোনো কর্মকর্তা গত দুই বছরের মধ্যে একবারের জন্যও চোখ তুলে তাকাননি। অথচ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা রাঙ্গুনিয়ার বিভিন্ন করাতকলে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছসহ সাধারণ গাছ পর্যন্ত জব্দ করে নিয়ে যান। লাইসেন্সবিহীন বহু করাতকল বিভিন্ন সময়ে বন্ধ করে দেন তাঁরা। সেদিক থেকে বেশি নিরাপত্তা সুবিধা পাওয়ায় চোরাই কাঠ ব্যবসায়ীরা এ করাতকলে সংরক্ষিত বনাঞ্চলের গাছ চেরাই করে কাঠ বানিয়ে চট্টগ্রাম শহরে পাচার করে আসছেন।সরেজমিন দেখা যায়, ওই করাতকলের চারপাশে সংরক্ষিত বনাঞ্চলের বিপুল গাছ চেরাইয়ের জন্য মজুদ রয়েছে। এসব গাছ সম্পর্কে জানতে চাইলে মো. গোফরান বলেন, ‘কাঠগুলো ব্যবসায়ীদের। কাঠগুলো জব্দ করার জন্য আমি বন বিভাগকে বহুবার বলেছি। কিন্তু বন বিভাগের কেউ জব্দ করেনি।’ লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে, যা বন বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।’ এ প্রসঙ্গে পোমরা বিট কর্মকর্তা নুরুল আলম বলেন, ‘করাতকলটি বাগেরহাট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. কায়সার স্যারের। তাঁর ছোট ভাই গোফরান করাতকলটি দেখাশোনা করেন। আর লাইসেন্স না পেলেও করাতকলটি আগে যেভাবে চলে এসেছে, এখনো সেভাবে চলছে।’ রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, ২০০৮ সালে করাতকলটি স্থাপন করা হয়। আর নিবন্ধনের জন্য আবেদন করেন মো. গোফরান। তিনি বাগেরহাট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. কায়সারের ছোট ভাই। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া যাচাই করে করাতকলটির লাইসেন্সের জন্য বিভাগীয় বন কর্মকর্তার কাছে সুপারিশ করেন। লাইসেন্স এখন চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে।’চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মওলা প্রথম আলোকে বলেন, করাতকল যারই হোক লাইসেন্স না থাকলে সেটা চালু করার কথা নয়। আর সংরক্ষিত বনাঞ্চলের গাছ শুধু করাতকলে নয়, যেখানে পাওয়া যাবে সেখান থেকে আটক করার কথা। এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলের গাছ চেরাই করে পাচার করার খবর পেয়ে আমি করাতকলটি পরিদর্শন করি। কিন্তু পৌঁছার আগেই গাছগুলো সরিয়ে নেন ব্যবসায়ীরা। লাইসেন্স চাইলেও মালিকপক্ষ দেখাতে পারেনি। করাতকলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ সহকারী বন সংরক্ষক মো. কায়সার প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো করাতকল নেই। আমার ছোটভাই গোফরানের একটি করাতকল রয়েছে।’ ওই করাতকলে সংরক্ষিত বনাঞ্চলের কোনো গাছ চেরাই করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।