বন কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ভোলার মনপুরা রেঞ্জের হাজিরহাট বিটের বিট কর্মকর্তা আশিষ কুমার দেব স্থানীয় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলেরা মনপুরা রেঞ্জ কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগও করেছেন।
জেলেদের অভিযোগ, হাজিরহাট বিটের আওতায় থাকা বদনার চর, চর সামসুদ্দিন, আলম বাজার চর, বইষ্যার চর এবং চর জমির শাহ এলাকায় জলাশয়ে মাছ শিকারের জন্য জেলেদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন আশিষ কুমার। চাঁদা দিতে যাঁরা অস্বীকৃতি জানাচ্ছেন, তাঁদের মামলায় জড়ানোর ভয় দেখাচ্ছেন।
কয়েকজন জেলে অভিযোগ করেন, জুন মাসের শেষের দিকে মনপুরার জমির শাহ চরে মাছ ধরায় আশিষ কুমার প্রত্যেক জেলের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে দাবি করেন। ওই টাকা না দিলে তিনি জেলেদের মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ১০ জন জেলে তাঁকে ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন।
জানতে চাইলে আশিষ কুমার দেব বলেন, ‘আমার বিরুদ্ধে জেলেদের একটি পক্ষ মিথ্যা-বানোয়াট অভিযোগ করছে।’
বন বিভাগের মনপুরা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আযাদ বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’