বন কর্মকর্তার সেই করাতকল জব্দ কাঠ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোচরা পৌর এলাকায় স্থাপিত বন কর্মকর্তার সেই করাতকল অবশেষে জব্দ করা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে সংরক্ষিত বনের প্রায় তিন হাজার ঘনফুট কাঠ। চট্টগ্রাম র্যাব-৭-এর সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার অভিযান চালান।বন সংরক্ষক মাকসুদ আলম বলেন, অনুমোদন না থাকায় করাতকলটির উপকরণ জব্দ করে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে উদ্ধার করা কাঠের দাম ৪৫ লাখ টাকারও বেশি।বন বিভাগ সূত্র জানায়, বাগেরহাট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. কায়সারের ছোট ভাই মো. গোফরান বনের পাশে করাতকল স্থাপন করে সংরক্ষিত বনাঞ্চলের সেগুন, গামারি, গর্জন, আকাশমণি ও মেহগনিসহ নানা প্রজাতির গাছ চিরাই করছেন। পত্রিকার খবর বন বিভাগের নজরে আসে। গতকাল সকালে অভিযান চালিয়ে করাতকলটির ডিজেলচালিত ইঞ্জিন, ব্লেড, চাকাসহ সব উপকরণ জব্দ করা হয়। ওই সময় সেখানে মজুদ প্রায় এক হাজার ৫০০ ঘনফুট গামারি কাঠ, ৭০০ ঘনফুট আকাশমণিসহ প্রায় তিন হাজার ঘনফুট কাঠ উদ্ধার করা হয়।