বন কার্যালয়ের পাশেই পাহাড় কেটে পাকা দালান নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ার বরইতলী ইউনিয়নের লালমিয়ার দোকান এলাকায় বন বিভাগের জায়গায় পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে পাকা দালান  প্রথম আলো
চকরিয়ার বরইতলী ইউনিয়নের লালমিয়ার দোকান এলাকায় বন বিভাগের জায়গায় পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে পাকা দালান প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় বন বিভাগের পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে পাকা দালান। মনছুর আলম নামের স্থানীয় এক ব্যক্তি ওই দালানটি নির্মাণ করছেন। অথচ এই পাহাড়ের পাঁচ শ গজের মধ্যেই রয়েছে বনবিট কার্যালয়।
সরেজমিনে দেখা গেছে, বরইতলী-পেকুয়া সড়কের পহরচাঁদা এলাকার লালমিয়ার দোকান এলাকায় প্রায় ৩০ শতক পাহাড় কেটে সমতল করা হয়েছে। সেখানে ইট, সিমেন্ট ও লোহার রড দিয়ে তৈরি করা হচ্ছে পাকা দালানের পিলার। গত আট থেকে ১০ দিন ধরে দশ ধরে প্রতিদিন কাজ করছেন শ্রমিকেরা।
বন বিভাগ সূত্র জানায়, পাহাড়টি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের পহরচাঁদা বনবিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল। ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ শ দূরেই পহরচাঁদা বনবিট কার্যালয়ের অবস্থান। কর্মরত শ্রমিকেরা জানান, তাঁর বিনা বাধায় কাজ করছেন। এখনো পর্যন্ত বাধা দিতে কেউ আসেনি।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে দালান নির্মাণকারী মনছুর আলম বলেন, ‘পাহাড়টি সংরক্ষিত বনের হলেও আমার দখলীয়। বন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেই পাহাড় কেটে দালান করছি।’
পরিবেশ আইনে বলা আছে, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না। তবে শর্ত থাকে যে, জাতীয় স্বার্থের অপরিহার্য প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে কোনো পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যাইতে পারে।’
জানতে চাইলে পহরচাঁদা বনবিট কর্মকর্তা দিলীপ কান্তি বডুয়া এক ব্যক্তি পাহাড় কেটে দালান নির্মাণ করার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে যারা পাহাড় কেটে পাকা দালান নির্মাণ করছে তাঁদের বিরুদ্ধে তিনটি মামলা করেছি।’
এসব মামলায় মনছুর আলমকে আসামি করা হয়েছেন কিনা জানতে চাইলে তাঁর কার্যালয়ে চায়ের দাওয়াত দিয়ে তিনি ফোনের লাইন কেটে দেন। এরপর কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।
এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাস বলেন, ‘সংরক্ষিত বনে পাহাড় কেটে পাকা দালান নির্মাণের বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, বন বিভাগ কোনো তথ্য দেয় না। কেউ পাহাড় কাটলে জানায়ও না। ফলে আমরা ব্যবস্থা নিতে পারি না। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’