বন ছেড়ে বাড়ির গাছে মুখপোড়া হনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির চারপাশের গাছপালায় ধুমধাম শব্দ শুনে অনেকেই চমকে ওঠেন। ঘরের বাইরে এসে বাড়ির লোকজন দেখতে পান, এগাছ থেকে ওগাছে লাফিয়ে ছুটছে একদল মুখপোড়া হনুমান। এই প্রাণীর উপস্থিতি মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের বুরুতলা গ্রামের অনেক বাড়িতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গ্রামবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলের দিকে ছয়-সাতটি মুখপোড়া হনুমান বুরুতলা গ্রামের প্রাথমিক শিক্ষক কাজল রঞ্জন চন্দের বাড়ির ঝোপঝাড়ে এসে আশ্রয় নেয়। এলাকায় অপরিচিত এই প্রাণী দেখে বাড়ির লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। শিশুসহ নানা বয়সের মানুষ এলাকায় এই প্রাণী দেখতে বাঁশবন ও ঝোপঝাড়ের কাছে ভিড় করে। অনেকে শিশু হনুমান লক্ষ করে ঢিল ছোড়ে। এতে ভীতসন্ত্রস্ত হনুমানগুলো চোখের আড়াল হয়ে যায়। পরদিন বুধবার সকালে আবার হনুমানগুলো এসে গাছে গাছে দৌড়ঝাঁপ শুরু করে। মানুষের ভিড় বেড়ে গেলে আবার আড়াল হয়ে যায়। বুধবার বিকেলে গ্রামের বিভিন্ন বাড়ি ও আশপাশের ঝোপঝাড়ে খোঁজ করে দুই-একটার সন্ধান মিললেও মানুষ ভিড় করলেই দীর্ঘ লাফ দিয়ে আরও গভীর ঝোপের দিকে ছুটে যায়। সন্ধ্যার দিকে আবার ফিরে আসে।
বুরুতলা গ্রামের অনেকেই জানান, বেশ কিছুদিন ধরে তাঁদের গ্রামের পশ্চিম দিকের গাছপালায় মাঝেমাঝে দুটি মুখপোড়া হনুমানকে তাঁরা দেখেছেন। এখন সংখ্যা বেড়েছে।
শিক্ষক কাজল রঞ্জন চন্দ প্রথম আলোকে বলেন, ‘দুই-তিন দিন ধরে আমাদের বাড়িতে হনুমানগুলো আসছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাঁচ-ছয়টা দেখেছি। এরা পালান (স্থানীয়ভাবে এই নামে পরিচিত) জাতের বুনো গাছের ফল খেয়ে আবার চলে যায়। আমাদের এলাকায় এর আগে এ রকম প্রাণী আর দেখিনি। শিশুরা চিৎকার করলে প্রাণীগুলো ভয় পায়।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জার ইমাম উদ্দিন বলেন, ‘এই প্রাণীগুলো বনের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া ছাড়া আমাদের কিছু করার থাকে না। লোকজন হনুমানগুলোকে যাতে আক্রমণ না করে সেজন্য আমি নজর রাখছি।’