বন দখলে নিতে পাঁচ হাজার গাছ সাবাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পদুমহার সংরক্ষিত বনের পাঁচ হাজার আকাশমণিগাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগের জমি দখলে নিতে স্থানীয় এক প্রভাবশালী নেতার ইন্ধনে গত বুধবার পদুমহার গ্রামের বাসিন্দারা গাছগুলো কেটে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বন বিভাগের ভাদুরিয়া বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।স্থানীয় লোকজন, উপকারভোগী ও বন বিভাগের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, স্থানীয় সাংসদ আজিজুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয়দানকারী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মতিনের ইন্ধনে পদুমহার গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বনের ৮০ হেক্টর জমি দখল করার চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে তারা একসঙ্গে পাঁচ হাজার গাছ কেটে নিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, একসঙ্গে পাঁচ হাজার গাছ কাটার ঘটনাটি আবদুল মতিনের ইন্ধনে হলেও প্রভাবশালী হওয়ায় মামলায় তাঁকে আসামি করা হয়নি। অভিযোগের ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুল মতিন নিজেকে সাংসদ আজিজুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে দাবি করে বলেন, ‘কে কী বলল তাতে আমার যায়-আসে না। আপনারা (সাংবাদিকেরা) কী লিখবেন লিখেন।’ একাধিকবার যোগাযোগ করেও সাংসদ আজিজুল হক চৌধুরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে ভাদুরিয়া বিটের অধীনে পদুমহার সংরক্ষিত বনের ৮০ হেক্টর জমিতে ৮০ হাজার আকাশমণিগাছ লাগানো হয়। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পদুমহার গ্রামের জাহিদুল ইসলাম, নইমুদ্দিন, লুৎফর রহমান, আবুল হোসেন, শফিউদ্দিন, বয়েজ, জুয়েল, মিজানুর, মাহফুজসহ ৩৮ জন এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ লোক করাত, কুড়াল ও দা নিয়ে অবৈধভাবে বনের ভেতরে প্রবেশ করে গাছ কাটতে থাকেন। খবর পেয়ে ভাদুরিয়া বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকারসহ কয়েকজন বন প্রহরী ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাঁরা সবাই একজোট হয়ে তাঁদের দিকে তেড়ে আসেন। এ সময় বিট কর্মকর্তাসহ প্রহরীরা পালিয়ে যান এবং থানায় খবর দেন। পুলিশ যাওয়ার আগে ওই লোকজন ১০ একর জমির সব গাছ কেটে নিয়ে যান। এর ফলে সরকারের ১৭ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ইন্ধনে এ কাজ করছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া না হলে সংরক্ষিত এ বনাঞ্চল সম্পূর্ণ উজাড় হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।ঘটনার দিন দুপুরে সরেজমিনে দেখা গেছে, বনের গাছগুলোর গোড়া থেকে করাত, কুড়াল ও দা দিয়ে কেটে ফেলা হয়েছে। স্থানীয় উপকারভোগীরা বলেন, গ্রামবাসীর হাতে অস্ত্র থাকায় তাঁরা বাধা দিতে পারেননি। তাঁরা অভিযোগ করেন, বনের জমি দখলের জন্য আওয়ামী লীগ নেতা আবদুল মতিনের ইন্ধনে গ্রামবাসী একজোট হয়ে এ কাজ করেছে। এর আগেও শাল্টি মুরাদপুর এলাকার লোকেরা একই উদ্দেশ্যে বন বিভাগের দুই হাজার ১৩৬টি আগরগাছ কেটে ফেলে। ভাদুরিয়া বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, বনের গাছ কাটার অভিযোগে মামলার আসামিদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মামলা করা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার আবুল কালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সরকারি দলের কোনো নেতা গাছ কাটার সঙ্গে জড়িত কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।