বন ধ্বংস করে চিংড়ি ঘেরের বাঁধ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকি ও নোনাছড়ি বারিয়াপাড়া এলাকায় প্যারাবন নিধন করে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে।
প্যারাবন নিধন করে ঘেরের বাঁধ নির্মাণের অভিযোগে ১৫ ফেব্রুয়ারি উপকূলীয় বন বিভাগের শাপলাপুর জেমঘাট বিট কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ১০ জনের বিরুদ্ধে মহেশখালী বিচারিক হাকিমের আদালতে বন আইনে মামলা করেছেন।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্র জানায়, শাপলাপুর ইউনিয়নের নোনাছড়ি বারিয়াপাড়া ও মুকবেকি এলাকায় সৃজিত প্যারাবন নিধন করে দুই সপ্তাহ ধরে স্থানীয় ভূমিদস্যুরা চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করছে। বাঁধ নির্মাণের জন্য কাটা হয়েছে ছোট-বড় কয়েক হাজার বাইনগাছ। বনকর্মীদের বাধা উপেক্ষা করে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
শাপলাপুর ইউনিয়নের জেমঘাট বিট কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, দুই সপ্তাহ ধরে প্যারাবনের ভেতরে চারটি চিংড়িঘেরের জন্য বাঁধ তৈরি করছে স্থানীয় প্রভাবশালী লোকজন। বনকর্মীরা বেশ কয়েকবার বাধা দিলেও কোনো কাজ হয়নি। এই পরিস্থিতিতে ১০ জন ভূমিদস্যুর বিরুদ্ধে আদালতে বন আইনে মামলা করা হয়েছে। তিনি বলেন, বনদস্যুরা ইতিমধ্যে প্রায় ৫০ একর বনভূমি জবরদখল করে পৃথক চারটি চিংড়িঘের করার জন্য বাঁধ নির্মাণ করেছে।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেন, ‘কয়েক দিন আগে ঘটনাস্থলে গিয়ে দুটি চিংড়িঘেরের বাঁধ নির্মাণকাজ বন্ধ করে দিই। এ কারণে ক্ষিপ্ত হয়ে শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হক অফিসে এসে আমাকে হুমকি দিয়েছেন। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ভূমিদস্যুরা এখনো নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।’ তিনি বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে আরেকটি মামলার প্রক্রিয়া চলছে।
শাপলাপুর ইউপির চেয়ারম্যান নুরুল হক বলেন, ‘আমি তাঁকে (খন্দকার গিয়াস উদ্দিন) কোনো হুমকি দিইনি। প্যারাবন নিধন করে কোনো চিংড়িঘেরও করিনি। অথচ রেঞ্জ কর্মকর্তা মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে থানায় জিডি করেছেন বলে শুনেছি।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘প্যারাবন কেটে চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করার বিষয়ে কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেননি। তবে হুমকির অভিযোগে শাপলাপুর ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে রেঞ্জ কর্মকর্তা থানায় জিডি করেছেন।’ তিনি বলেন, জিডির বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, গত শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্যারাবন নিধন করে ভূমিদস্যুরা চিংড়িঘেরের জন্য বাঁধ তৈরি করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বন বিভাগকে বলা হয়েছে।