বন ধ্বংসে রাজনীতিকেরা এককাট্টা

টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের এলাকায় স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির নেতাদের পরিচালনায় ৫৬টি অবৈধ করাতকল চলছে। অন্যদিকে শুধু সখীপুর পৌর এলাকায় লাইসেন্স নিয়ে চলছে কমপক্ষে ৫০টি করাতকল।
উপজেলায় ১০৬টি করাতকলে দিন-রাত বন থেকে গাছ কেটে কাঠ চেরাই হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে দিন দিন মধুপুর-ভাওয়াল গড় অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, চার বছর আগে ওই সব করাতকলের বিরুদ্ধে বন বিভাগ উচ্ছেদ অভিযান ও মামলা করলে প্রায় দুই বছর ওই সব করাতকল বন্ধ ছিল। এখন স্থানীয় বন বিভাগের কাছ থেকে অলিখিত অনুমতি নিয়ে ওই সব করাতকল আবার চালু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অবৈধভাবে স্থাপিত ৫৬ করাতকলের ৩২টি আওয়ামী লীগ, ১৮টি বিএনপি ও ছয়টি কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা চালাচ্ছেন বলে জানা গেছে। করাতকল স্থাপনের আইনে বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন না করার নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
হাতিয়া রেঞ্জের কালিদাস বিট কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয় থেকে মাত্র ২০০ গজের মধ্যে তিনটি করাতকল স্থাপিত হয়েছে। তাদের একটি স্থানীয় আওয়ামী লীগের নেতা নাজমুল হোসেনের, অপর দুটি যৌথভাবে বিএনপি ও আওয়ামী লীগের নেতারা চালাচ্ছেন।
কালিদাস বাজারে ‘মকবুল অ্যান্ড ব্রাদার্স’ নামের করাতকলের মালিক মকবুল হোসেন বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তাঁর মেঝো ভাই আবদুর রাজ্জাক উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও ছোট ভাই হযরত আলী ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাজনৈতিক মঞ্চে ওরা পরস্পরবিরোধী হলেও বন কেটে পরিবেশ ধ্বংসের বেলায় এক।’
হাতিয়া রেঞ্জ কর্মকর্তা শামসুল হক বলেন, ‘কয়েক মাস আগেও কালিদাসের কয়েকটি করাতকলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল। বন্ধ থাকার পর আবার ওইগুলো চালু করেছে। আমাদের ওরা তোয়াক্কাও করে না।’
বহেড়াতৈল রেঞ্জ ঘুরে দেখা যায়, কাঁকড়াজান বিটের কাছেই কয়েকটি করাতকল বনের কাঠ চেরাই করছে।
কাঁকড়াজান বিট কার্যালয়ের একজন বনপ্রহরী বলেন, বন কর্মকর্তাদের তোয়াক্কা না করে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতার দাপটে করাতকল স্থাপন করেছেন। এঁদের বিরুদ্ধে মামলা চললেও কলগুলো বহাল তবিয়তে চলছে।
অন্যদিকে এমএম চালা বিট কার্যালয় ও সামাজিক বনায়নের পাশে কমপক্ষে ১০টি করাতকল স্থাপিত হলেও বিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, সখীপুর পৌরসভার সীমানায় থাকায় ওইগুলোকে সরকার লাইসেন্স দিয়েছে।
বহেড়াতৈল রেঞ্জে সর্বাধিক ৩৪টি করাতকল স্থাপন প্রসঙ্গে রেঞ্জ কর্মকর্তা মালেকুজ্জামান বলেন, অবৈধ করাতকলের বিরুদ্ধে মামলা অব্যাহত রয়েছে। শিগগিরই অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করা হবে। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল রেঞ্জের আওতায়ও সখীপুর উপজেলার সীমানায় ছয়টি করাতকল অবৈধভাবে গড়ে উঠেছে।
সূত্র জানায়, বনাঞ্চলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫৬টি করাতকলের মালিক মিলেমিশে সমিতি করেছেন। ওই সমিতির মাধ্যমে প্রতি মাসে চাঁদা তুলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উৎকোচ দেওয়া হয়। ওই সমিতির সভাপতি কাঁকড়াজান ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি ও ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়ন বিএনপির নেতা আসলাম ভূঁইয়া সাধারণ সম্পাদক। তবে কর্মকর্তাদের উৎকোচ দেওয়া প্রসঙ্গে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ বলেন, ‘অবৈধ করাতকলের তালিকা দেন। অবশ্যই কলগুলো উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’