বন পাহারায় দায়িত্ব পাওয়া সেই হেডম্যানসহ গ্রেপ্তার ২
মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশ গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে গাছ চুরির মামলায় সাজাপ্রাপ্ত আনজীর আলী (৪৫) ও কাজল মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শুকনাছড়া গ্রামে বনজায়গিরদার (ফরেস্ট ভিলেজার) হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বন পাহারার জন্য বন বিভাগ তাঁদেরকে সেখানে বসবাসের অনুমতি দেয়। এর মধ্যে আনজীরকে বনজায়গিরদারদের প্রধান (হেডম্যান) করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আনজীর ও কাজলের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা আছে। সম্প্রতি সংশ্লিষ্ট আদালত দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেন। সাজার আদেশনামা পেয়ে পুলিশ গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভজিটিলা ও সমাই এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। এলাকাবাসী ও উপজেলা পরিষদ সূত্র জানায়, গত এপ্রিল মাসে দুই দফা ঝড়ে জুড়ী-১ রেঞ্জের লাঠিটিলা বিটের আওতাধীন সংরক্ষিত বনের বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ সেগুনগাছ ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই গাছগুলো কেটে টুকরো করে শুকনাছড়া গ্রামে স্তূপ করে রাখা হয়। আনজীরকে ওই কাঠ দেখাশোনার দায়িত্ব দেন বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা। দুর্বৃত্তরা ১১ সেপ্টেম্বর গভীর রাতে সেখান থেকে বেশ কিছু কাঠ পিকআপ ভ্যানে বোঝাই করে অন্যত্র পাচার করে। এ কাজে আনজীরসহ আরও কয়েকজন বনজায়গিরদার এবং সংশ্লিষ্ট বিট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে। ১৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির সদস্য এবং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ এ অভিযোগ করেন। দুই ব্যক্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোনায়েম মিয়া গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলোকে জানান, ওই দুজনকে মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘গাছ চুরি মামলার আসামিরা বন পাহারার দায়িত্বে!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।