বন বিট কর্মকর্তাসহ তিনজনকে কুপিয়ে চোরাই কাঠ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত বুধবার এক বন বিট কর্মকর্তাসহ তিন বনকর্মীকে কুপিয়ে চোরাই কাঠ ছিনিয়ে নিয়েছে গাছচোর চক্র। গুরুতর আহত বন বিট কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।কমলগঞ্জের কালাছড়া বন বিট কার্যালয় সূত্রে জানা গেছে, কালাছড়া বনবিট কর্মকর্তা মাহমুদ হাসান বুধবার রাত সাড়ে আটটার দিকে ভেড়াছড়া গ্রামে গিয়ে চোরাই সেগুন কাঠ জব্দ করার চেষ্টা করেন। এ সময় গাছচোর চক্রের সদস্য হোসেন আলী, মুসলিম মিয়া, রহমান মিয়া, আছদ্দর মিয়া, শোয়েব আহমদ ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে চোর চক্র দা, লাঠিসোঁটা নিয়ে বন বিট কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে মাহমুদ হাসান, বনকর্মী আক্তার হোসেন ও হায়দার আলী আহত হন। দায়ের কোপে মাহমুদ হাসানের ডান হাতের দুটি রগ কেটে যায়। গুরুতর আহত মাহমুদ হাসান ও দুই বনকর্মীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় চোর চক্র চোরাই সেগুন কাঠ ছিনিয়ে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্মী বলেন, ক্ষমতাসীন দলের প্রভাবে গাছচোর চক্র নিয়মিত বনকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। থানায় মামলা দিয়েও লাভ হচ্ছে না। গাছ চুরির তথ্য দেওয়ায় ১৭ আগস্ট গাছচোর চক্র ফরেস্ট ভিলেজার দিলীপ মুন্ডাকে বেধড়ক পেটায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বন কর্মকর্তা ও কর্মীরা বারবার মার খাবেন।