বন বিদ্যালয়ের বন্য হাল

চারদিকে গাছগাছালি। টিলার ওপর বাংলো আদলের মিলনায়তন। নির্মাণশৈলী ব্রিটিশ আমলের। ভেতর থেকে বাইরে পর্যন্ত ভেঙেচুরে একেবারে ভুতুড়ে দশা। প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য ছাত্রাবাস নামের পাকা ভবনগুলোর অধিকাংশ পরিত্যক্ত। অনেকগুলো শৌচাগার আছে, কিন্তু দরজা নেই একটিরও। অবকাঠামোর এই রুগ্ণ চিত্র সিলেটের ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের।
আগে নাম ছিল ‘বন বিদ্যালয়’। বাংলাদেশে প্রথম পর্যায়ে স্থাপিত একটি প্রতিষ্ঠান। ১৯৪৮ সালে সিলেটে এটি স্থাপনের পর রাজশাহী ও চট্টগ্রামে আরও দুটি বন বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। কিন্তু যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল বন বিদ্যালয়ের, সেখানকার ‘বন্য’ হালে প্রশিক্ষণার্থী থেকে শুরু করে বিভিন্ন পদে কর্মচারীরাও রয়েছেন নানা বিড়ম্বনার মধ্যে। প্রশিক্ষণার্থীসহ কর্মরতদের অভিযোগ—সমস্যা জিইয়ে রেখে পুরো প্রতিষ্ঠান অচল করার পাঁয়তারা চলছে।
সিলেট নগরের উত্তরে বিমানবন্দর সড়কের পাশে বড়শালা নামক স্থানে ৩৬ দশমিক ৫৭ একর জায়গায় বন বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বেই বানানো হয়েছিল ব্রিটিশ আমলের বসতির কাঠামোয় বাংলো আদলের মিলনায়তন। সেই মিলনায়তনের দেয়াল ও মেঝে ফেটে চৌচির হয়ে গেছে। কিছু অংশ দেবেও গেছে। ১০০ আসনের ওই মিলনায়তন এখন পরিত্যক্ত। প্রায় ২৬ বছর ধরে কর্মরত এক কর্মচারী জানান, তিনি তাঁর চাকরিজীবনে এ মিলনায়তনের ভেতরে ঢোকেননি। ভেতরে কী আছে না আছে কেউ বলতেও পারে না। মেরামতের জন্য কোনো প্রস্তাবও পাঠানো হয়নি। কর্তৃপক্ষ চাচ্ছে, ভেঙে পড়লে পরে নতুন করে নির্মাণ প্রস্তাব পাঠানো হবে।
আবাসিক অবকাঠামোর রেস্ট হাউস, উপপরিচালকের বাসভবন, প্রশিক্ষাণার্থী নিবাসের ‘বাংলাদেশ হাউস’ ও ‘হজরত শাহজালাল হল’ নামের দুটি আবাসিক হলের অর্ধশতাধিক কক্ষ। এগুলোর দরজা-জানালা, আসবাবপত্রের কোনো খোঁজ নেই। পাকা ভবনগুলোর বিধ্বস্ত ছাদ, ফাটলযুক্ত দেয়াল ঠায় দাঁড়িয়ে আছে। বনপ্রহরীদের প্রশিক্ষণের আবাসিক হলের ‘বঙ্গবীর ওসমানী ছাত্রাবাস’-এর ২৩টি কক্ষেরও একই অবস্থা। মূলত এ কারণে প্রশিক্ষণার্থীরা রয়েছেন তীব্র আবাসন সংকটে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন বিদ্যালয়-সম্পর্কিত প্রজ্ঞাপনে (প্রতিষ্ঠাকালীন সময়ে) উল্লেখ রয়েছে, ‘ভারতের কার্শিয়াং শহরের বন বিদ্যালয়কে মডেল হিসেবে ধরে সিলেটে বন বিদ্যালয় চালু হয়। বন ও টিলা শ্রেণির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির মনোরম পরিবেশের স্থানকে বেছে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত প্রতিরক্ষা বিভাগের কয়েকটি পরিত্যক্ত স্থাপনাকে ঘিরে ইস্ট পাকিস্তান ফরেস্ট ইনস্টিটিউট এবং পরে পূর্ব পাকিস্তান ফরেস্ট স্কুল নামে যাত্রা শুরু হয়।’ পরবর্তী সময়ে বাংলাদেশ বন বিদ্যালয় থেকে ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট নামকরণ হয়।
দেশের বিভিন্ন জেলায় বন বিভাগে কর্মরত কর্মকর্তা ও বনপ্রহরীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণে ব্যবহৃত হয় বন বিদ্যালয়।
বিদ্যালয় থেকে ইনস্টিটিউটে রূপান্তর হলেও লোকবল রয়েছে আগের কাঠামোয়। এর পরও চলছে সংকট। প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ৪০ জনের মধ্যে আছেন মাত্র ১৯ জন। পরিচালক নেই। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা।
অবকাঠামোর এমন করুণ অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেছেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন। সমস্যা জিইয়ে রেখে প্রতিষ্ঠানটি চিরতরে বন্ধ করার পাঁয়তারা চলছে—এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটি সচল রাখতে যা যা প্রয়োজন, তার একটি লিখিত প্রস্তাব প্রকল্প আকারে দিয়েছি। এটি অনুমোদনের পথে। অনুমোদন হলে প্রতিষ্ঠানটি প্রাণ ফিরে পাবে।’