
সিলেটের রাতারগুল বন উন্নয়ন ও সংরক্ষণের নামে এর ধ্বংস ত্বরান্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুলতানা কামাল। গতকাল শনিবার এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বাপার কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল গতকাল সকালে রাতারগুল পরিদর্শন করে। এরপর বনের শিয়ালীছড়ার জলমগ্ন মাঠে এক ‘নৌ-সমাবেশের’ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুলতানা কামাল।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন। নদী ও হাওরবেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর আয়তনের এলাকাটিতে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। গত জানুয়ারি থেকে বন বিভাগের প্রস্তাবিত জাতীয় উদ্যান পরিকল্পনায় রাতারগুলে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার, রাস্তাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ শুরু করে।
সংরক্ষিত বন এলাকায় এসব স্থাপনা নির্মাণে বনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে বাপাসহ সিলেটের পরিবেশবাদী সংগঠনগুলো আপত্তি তোলে। গঠিত হয় ‘রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি’। গত বছরের ১০ এপ্রিল প্রথম আলোয় ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে পরিবেশবাদী সংগঠনগুলোর চাপের মুখে বন বিভাগ টাওয়ার নির্মাণ দ্রুত শেষ করে অন্যান্য স্থাপনার নির্মাণকাজ বন্ধের ঘোষণা দেয়।
এ ঘোষণার প্রায় এক বছর পর রাতারগুলের অবস্থা পর্যবেক্ষণে বাপার কেন্দ্রীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল গতকাল সকালে রাতারগুল পরিদর্শন করে। সেখানে অনুষ্ঠিত নৌ সমাবেশে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমের সঞ্চালনায় কাজী খলীকুজ্জমান আহমদ ও বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল বক্তব্য দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, নারী নেত্রী খুশী কবির, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মতিন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ডিন এম এ মজিদ।