সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন থেকে আসা বাঘটিকে পিটিয়ে হত্যার ঘটনায় সচেতনমহলে ক্ষোভ সৃষ্টি করেছে। গতকাল শনিবার শ্যামনগরে সুন্দরবন এলাকার বুড়িগোয়ালিনী থেকে ভেটখালী পর্যন্ত ঘুরে বিভিন্নজনের সঙ্গে কথা বলে এ প্রতিক্রিয়ার কথা জানা যায়। সাড়ে ১৩ ঘণ্টা আটকে রাখার পরও বন বিভাগ বাঘটিকে উদ্ধারে কোনো ব্যবস্থা নিতে না পারায় এলাকাবাসী এটিকে পিটিয়ে হত্যা করে। ঘটনার জন্য বন বিভাগকেই তারা পুরোপুরি দায়ী করছে।শ্যামনগরের মুন্সিগঞ্জ কলেজের শিক্ষক আশুতোষ মণ্ডল, মোস্তফা আবু তালেব ও দক্ষিণ কদমতলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সুরেন্দ্র নাথ রায় বলেন, তাঁদের গ্রাম থেকে চুনো নদী পার হলেই সুন্দরবন। আগে নদী পার হয়ে লোকালয়ে বাঘ আসত কালেভদ্রে, এখন আসে প্রায়ই। তাঁদের ভাষ্য, চোরাশিকারিরা নির্বিচারে হরিণ শিকার করায় বাঘের খাদ্য-সংকট দেখা দিয়েছে। এ কারণে বাঘ লোকালয়ে এসে গবাদিপশু ও মানুষের ওপর হামলা চালাচ্ছে। বাঘ রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বন বিভাগ।জীববৈচিত্র্য নিয়ে কাজ করছে এমন একটি বেসরকারি সংস্থার পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, শুক্রবার বাঘ আসার খবর শুনে সকাল সাতটার মধ্যে স্থানীয় সাংসদ এইচ এম গোলাম রেজা, ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বদরুল আলম, শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাব্বির আহমদ, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের অনুরোধে গ্রামবাসী বাঘটি না মেরে ঘিরে রাখে। কিন্তু চেতনানাশক ওষুধের অভাবে বন বিভাগের কর্মকর্তারা পরিকল্পনামতো কাজ করতে পারেননি।সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজা বলেন, বাঘটি মারা যাওয়ার দায়ভার বন বিভাগের। তদন্ত করে দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।১৩ ঘণ্টা পার হওয়ার পরও বাঘটি রক্ষা না করতে পারার ব্যাপারে বাংলাদেশ বন্য প্রাণী ব্যবস্থাপনা অঞ্চলের বন সংরক্ষক তপন কুমার দে বন বিভাগের গাফিলতির কথা স্বীকার করেন। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে খুলনা ও সাতক্ষীরার বুড়িগোয়ালিনীতে ট্রাঙ্কুলাইজার গান, চেতনানাশক ইনজেকশন, একজন করে ভেটেরিনারি সার্জনসহ টাইগার দল নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেতনানাশক ইনজেকশন পুশ করে বাঘ আটক করার ব্যাপারে ২৫ জানুয়ারি থেকে একটি দলকে সাত দিন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন থেকে এ জন্য ১০ জন বন কর্মকর্তা ও কর্মচারী বাছাই করা হয়েছে।বন বিভাগের একটি সূত্র জানায়, লেজসহ মেরে ফেলা বাঘটির দৈর্ঘ্য সাত ফুট, উচ্চতা আড়াই ফুট। বাঘটির বয়স ছয় বছর। গতকাল ময়নাতদন্ত শেষে চামড়া ছাড়িয়ে কলাগাছি টহল ফাঁড়ি এলাকায় বাঘটির মৃতদেহ পুঁতে ফেলা হয়।